১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

 
 শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মার্চ মাসের মধ্যেই এসএসসি পরীক্ষা শেষ হবে এবং ১ এপ্রিল থেকে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এসএসসি পরীক্ষার ফলাফল নির্দিষ্ট সময়েই ঘোষণা করা হবে।
শুক্রবার সকালে রাজধানীর সরকারি ল্যাবরেটরী হাইস্কুল ও ধানমন্ডি বয়েজ হাইস্কুলে এসএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে অভিভাবকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষাবোর্ডের ঊর্ধ্বতন কর্তকর্তা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী অভিভাবকদের উদ্দেশে বলেন, হরতাল ও নাশকতার কারণে বারবার পরীক্ষা পিছিয়ে যাওয়ায় পরীক্ষার্থীরা যাতে হতাশ হয়ে না পড়ে- এ জন্য আপনারা সন্তানদের উৎসাহ দেবেন। তাদের বলবেন, তোমরা ঠান্ডা মাথায় পরীক্ষা দাও। আমাদের সময় আরও অনেক সমস্যার মধ্যে পরীক্ষা দিতে হতো।
তিনি এ সময় ২০ দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আবারো হরতাল বন্ধের আহবান জানিয়ে বলেন, আজকের এ শিক্ষার্থীরাই আগামী ৩০/৪০ বছর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। হরতালের কারণে পরীক্ষা পেছালে তাদের আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দেয়। তারা যোগ্য নেতৃত্বগুণ নিয়ে বড় হতে পারবে না। এতে দেশ ও জাতির বিরাট ক্ষতি হচ্ছে। আশা করি বিষয়টি উপলদ্ধির মাধ্যমে হরতাল প্রত্যাহার করে নেবেন।
অভিভাবকদের নাহিদ আরো বলেন, আমি ২০ দলীয় নেতাদের অনেকবার অনুরোধ করেছি -যাতে পরীক্ষা শুরুর আগে ও পরে অন্তত দুই ঘণ্টা করে হরতাল-অবরোধ না দেয়। কিন্তু তারা সেটা করছেন না। উল্টো বিএনপি’র এক নেতা বলেছেন- ‘কিসের পরীক্ষা’! কান্ডজ্ঞানহীন, মূর্খ ও অপদার্থ না হলে কি, কেউ এমন মন্তব্য করতে পারেন? 
পরীক্ষার হলে সন্তানদের আনা-নেয়ার সময় আতঙ্কের মধ্যে থাকতে হয় উল্লেখ করে অভিভাবকগণ পরীক্ষার্থীদের যথাযথ নিরাপত্তা দেয়ার দাবি জানালে মন্ত্রী বলেন, আমাদের সরকার পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সর্তকতা গ্রহণ করেছে।
তিনি বলেন, আপনারা যেমন আপনাদের সন্তান নিয়ে টেনশনে থাকেন তেমনি আমাকে ও আমার সরকারের ১৫ লাখ পরীক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হয়।
মন্ত্রী অভিভাবকদের আরো বলেন, দেশব্যাপী শান্তিপূর্ণভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর শান্তিপূর্ণভাবে পরীক্ষা আয়োজনে আপনারা এ পর্যন্ত সরকারকে অনেক সহযোগিতা করেছেন। আগামী পরীক্ষাগুলোতেও আপনাদের সহযোগিতা পাবো আশা করি। আর সকলের সহযোগিতায় শান্তির্পূণভাবেই পরীক্ষা শেষ করা যাবে বলে তিনি অভিভাবকদের আশ্বাস দেন।
পরীক্ষার খাতাগুলো যেন তাড়াহুড়ো করে দেখা না হয় অভিভাবকদের এমন দাবির প্রেক্ষিতে তিনি বলেন, আমরা নির্দিষ্ট সময়েই পরীক্ষার ফলাফল ঘোষণা করবো। তবে কোথাও কোন তাড়াহুড়া করা হবে না। শিক্ষকগণ ভালভাবেই খাতা দেখবেন।