অভিজিৎ হত্যায় শোক জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। এসময় এই হত্যাকাণ্ডকে নৃশংস বলেও আখ্যায়িত করেছেন তিনি। শুক্রবার এক টুইট বার্তায় জানিয়েছেন, 'অভিজিৎ রায়ের নৃশংস হত্যাকাণ্ডে আমি মর্মাহত।'
বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অভিজিৎ রায়কে হত্যা করে। এসময় সাথে থাকা স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও গুরুতর আহত হন। তাকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
অভিজিৎ রায় যুক্তরাষ্ট্র প্রবাসী একজন প্রকৌশলী। তিনি সাম্প্রদায়িকতা বিরোধী লেখা ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা হিসেবে সুপরিচিত।