অবরোধ ও হরতালে ক্লাস নেয়ায় মহানগরীর লক্ষ্মীপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ‘আন্দোলনকামী কর্মী বাহিনী’ লাল রঙের কাগজে একটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে হরতালে ক্লাস নিলে স্কুলে বোমার বিস্ফোরণ ঘটানোর হুমকি দেয়া হয়েছে।
শুক্রবার সকালে স্কুলের প্রধান শিক্ষক আইরিন জাফর ওই চিঠি হাতে পান। চিঠিতে লক্ষ্মীপুর বালিকা বিদ্যালয়ের নাম ব্যবহার করা হয়নি। এছাড়া প্রাপককে ‘জনাব/জনাবা’ বলে সম্বোধন করা হয়েছে। খামের সিলটি অস্পষ্ট হওয়ার কারণে কোন জায়গা থেকে ছাড়া হয়েছে তা বোঝা যাচ্ছে না।
ওই চিঠিটিতে প্রধান শিক্ষকের উদ্দেশে লেখা হয়েছে, ‘হরতালের দিনগুলোতে আপনার প্রতিষ্ঠান যদি চালান তাহলে আপনার গতিপথ আমরা পরখ করছি। কখন, কবে, কোন সময় আপনার প্রতিষ্ঠানে পেট্রোলবোমা নয়, অন্য কোনো বোমা বিস্ফোরিত হলে তার দায়িত্ব কে নিবে-আপনি না সরকারি দল না, বিরোধী দল।’
প্রধান শিক্ষক আইরিন জাফর বলেন, এত দীর্ঘ সময় শিক্ষার্থীরা আর বাসায় থাকতে পারছে না। প্রতিদিন তারা বিদ্যলয়ে এসে ভিড় করছে। অভিভাবকেরা বলছেন, পড়াশোনার ক্ষতি হচ্ছে, সিলেবাস শেষ হবে না। এ জন্য শিক্ষার্থীদের ভবিষ্যতের দিকে তাকিয়ে তারা ক্লাস নিচ্ছেন।
এদিকে দুপুরের দিকে প্রধান শিক্ষক আইরিন জাফর রাজপাড়া থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, থানায় জিডি নেয়া হয়েছে। পুলিশ সতর্ক রয়েছে। অত্যন্ত গুরুত্ব দিয়ে তা খতিয়ে দেখা হচ্ছে।