প্রগতিশীল লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ঘাতকদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতিসংঘ।
শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে মহাসচিবের মুখপাত্র স্টেফানে ডুজারিক একথা জানান।
এক প্রেস ব্রিফিংয়ে অভিজিৎ হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, মানবাধিকার দেখভালের দায়িত্বে থাকা সহকর্মীদের সঙ্গে আমরা ব্লগারের ওপর হামলা নিয়ে কথা বলেছি। তারা এ হামলার নিন্দা জানিয়েছেন এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় দ্রুত দুর্বৃত্তদের বিচারের আওতায় আনার আশা প্রকাশ করেছেন। বাংলাদেশে সুশীল সমাজের মত প্রকাশের স্বাধীনতা রক্ষার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলেও তারা বলেছেন।
উল্লেখ্য, বইমেলা থেকে ফেরার পথে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে টিএসসি এলাকায় সন্ত্রাসী হামলায় চাপাতির আঘাতে যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ নিহত হন।
তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা আহত হন।