প্রধানমন্ত্রী রামু যাচ্ছেন রবিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার কক্সবাজারের রামু আসছেন। তিনি রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে সেনানিবাসের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেনানিবাসের আনুষ্ঠানিক পতাকা উত্তোলনকে ঘিরে রামু সাঁজছে বর্ণিল সাজে। রামুতে প্রধানমন্ত্রীর আগমণকে ঘিরে সর্বস্তরের মানুষের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। ইতোমধ্যে সেনাবাহিনী অনুষ্ঠানস্থলে সাঁজসজ্জাসহ ব্যাপক উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়া সরকারের বিভিন্ন দপ্তর তাদের প্রয়োজনীয় কাজ জরুরি ভিত্তিতে চালিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানে স্থানীয় আমন্ত্রিত অতিথিদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে আমন্ত্রণ পত্র প্রদান করা হয়েছে। ১০ পদাতিক ডিভিশন এবং এর অধীনস্থ নবগঠিত ব্রিগেড/ইউনিট সমূহের পতাকা উত্তোলন করা হবে অনুষ্ঠানে।
এদিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রামু আগমণ উপলক্ষে রামুর ওসমান ভবনে উপজেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ও উপজেলা পরিষদ চেয়ারম্যান যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম। সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ সদস্য রাজারকুলের সাবেক ইউপি চেয়ারম্যান জাফর আলম চৌধুরী, চাকমারকুলের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন কোম্পানি, উপজেলা আওয়ামী লীগ নেতা, জোয়ারিয়ানালার সাবেক চেয়ারম্যান মোতাহারুল হক সিকদার, কাউয়ারখোপের সাবেক চেয়ারম্যান শামসুল আলম, চাকমারকুলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, খুনিয়াপালং এর সাবেক চেয়ারম্যান আব্দুল গণি সওদাগর, কচ্ছপিয়ার চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানি, ঈদগড়ের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঙ্গালী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, সেচ্ছাসেবকলীগ সভাপতি এডভোকেট মোজাফ্ফর আহমদ হেলালী, সৈনিকলীগ সভাপতি মো. ইউনুছ খাঁন, ওলামা লীগের সভাপতি মৌলানা নুরুল আজিম, বাস্তুহারালীগের সভাপতি নুরুল আলম জিকু, ছাত্রলীগ নেতা সাদ্দাম, সাহাবউদ্দিন, রিফাত প্রমুখ।