পদ্মা সেতুর ট্রায়াল পাইলের কাজ শুরু হচ্ছে আজ

প্রত্যাশিত পদ্মা সেতুর ট্রায়াল পাইল স্থাপনে অ্যাংকর পাইলের কাজ শুরু হচ্ছে আজ রবিবার। এই উপলক্ষে প্রকল্পস্থলে প্রয়োজনীয় ভারি যান্ত্রপাতি স্থাপন করা হয়েছে। রাত সাড়ে ১১টায় সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মূল সেতু তৈরির কাজের এটিই শুরু। এতদিন যা হয়েছে তা ছিল এই কাজ শুরুর প্রাসঙ্গিক। তাই ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানি কাজ শুরুর ক্ষনটিকে তাদের রীতি অনুযায়ী সম্পন্ন করতে নানা প্রস্তুতি নিচ্ছে। চীনের রীতি অনুয়ায়ী কাজের সফলতা ও দুর্ঘটনা রোধে দুটি উন্নত মানের বড় কালো ষাড় উৎসর্গ করা হবে নদীতে। ষাড়ের সামনের দুটি পা অর্থাৎ দুই গরুর চারটি পা পদ্মা নদীতে উৎসর্গ করে পানিতে ফেলে দেয়া হবে। বাকী মাংস খাওয়ার জন্য রাখা হবে বা বিলিয়ে দেয়া হবে। তাই বিশাল আকারের দুটি কালো ষাড় কিনে মাওয়ার কনস্ট্রাকশন ইয়ার্ডে রাখা হয়েছে। রবিবার সকাল ৯টায় ষাড় দুটি জবাই করা হবে। এই অনুষ্ঠানে প্রকল্প সংশ্লিষ্ট প্রায় সকলেই অংশ নিচ্ছেন। দুই নম্বর পিলারের কাছে নদীতে এই অ্যাংকর পাইল স্থাপন শুরু হচ্ছে। এরপরই ২০ মার্চ থেকে ট্রায়াল পাইল স্থাপন করা শুরু হবে।
মূল পাইলের হ্যামারটি পরিদর্শন এবং  এটি পরিচালনের কৌশল রপ্ত করতে ১৫ মার্চ একটি কারিগরি টিম জার্মানী যাচ্ছে। এই টিম সেখানে অন্তত দুই সপ্তাহ প্রশিক্ষণ গ্রহন এবং হাতে কলমে খুটিনাটি সব জানবে। এরপর এপ্রিলে এটি জার্মানী থেকে পাঠানো হবে মাওয়ায়।
এদিকে মাওয়া রেস্ট্র হাউস শনিবার থেকে ভাঙ্গা শুরু হয়েছে। মূল সেতুর সংযোগ সেতু নির্মাণের জন্য আলোচিত এই রেস্ট হাউস অপসারণ করা হচ্ছে। এটি স্থানান্তর হচ্ছে পার্শ্ববর্তী দোগাছিস্থ সার্ভিস এরিয়া-১ এলাকায়। প্রথম থেকেই পদ্মা সেতু সংকান্ত সব কাজ পরিচালিত এবং ভিআইপিদের ব্রিফিং হয়েছে এখানেই।