ভারতের পররাষ্ট্র সচিব জয় শংকর আজ আসছেন

২৪ ঘন্টারও কম সময়ের জন্য আজ সোমবার দ্বিপাক্ষিক সফরে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব ড. এস জয়শংকর। তার এ সফরকে নিছক ‘শুভেচ্ছা সফর’ বলা হলেও বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সব ইস্যু নিয়ে তিনি আলোচনা করবেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে সার্কদেশগুলো সফরে (সার্ক যাত্রা) নেমেছেন পররাষ্ট্র সচিব জয়শংকর। প্রথম পর্যায়ে গতকাল রবিবার তিনি ভুটানের রাজধানী থিম্পু যান। আজ সোমবার সকালে ঢাকা আসবেন। আগামীকাল মঙ্গলবার সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও বুধবার সেখান থেকে আফগানিস্তানের রাজধানী কাবুল যাবেন।
ভারতের পররাষ্ট্র সচিব আজ সকালে ঢাকা এসে পৌঁছলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। সকাল এগারটায় দুই পররাষ্ট্র সচিব দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবনে পররাষ্ট্র সচিব ভারতীয় পররাষ্ট্র সচিবকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করবেন। এরপর পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে এবং সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংসদ ভবনে সৌজন্য সাক্ষাত্ করবেন। সন্ধ্যায় ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের আয়োজনে সংবর্ধনায় যোগ দেবেন জয়শংকর।
কূটনৈতিক সূত্র জানায়, সফরকালে জয়শংকর নরেন্দ্র মোদী সরকারের বার্তা দেবেন বাংলাদেশ পক্ষকে। ভারতীয় লোকসভার চলতি বাজেট অধিবেশনে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা স্থল সীমান্ত চুক্তি অনুমোদন ও তিস্তা চুক্তি স্বাক্ষরে অগ্রগতির কথা জানাবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ঢাকা সফরের বিষয় নিয়েও তিনি আলোচনা করবেন।
এছাড়া যৌথ উদ্যোগে বিদ্যুত্ উত্পাদন ও সঞ্চালন, সড়ক, বন্দর অবকাঠামো, বিনিয়োগ, দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে আলোচনা হবে। নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমনে যৌথ সহযোগিতাও আলোচনায় স্থান পাবে। বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল এই চারদেশ নিয়ে গঠিত উপ-আঞ্চলিক সহযোগিতা গ্রুপ নিয়ে কথা হবে। জয়শংকর গতকাল থিম্পুতে উপ-আঞ্চলিক গ্রুপ নিয়ে আলোচনা করেন। ভারত দক্ষিণ এশিয়ার জন্য ২০১৬ সালে মহাশূন্যে সার্ক স্যাটেলাইট উেক্ষপণ করার পরিকল্পনা নিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের সহায়তা চাচ্ছে ভারত।
ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের ১৯৭৭ ব্যাচের সদস্য পেশাদার কূটনীতিক এস জয়শংকর গত ২৯ জানুয়ারি পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেন। সুজাতা সিংকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব থেকে অপসারণের পর জয়শংকরকে এ পদে নিয়োগ দেয় নরেন্দ্র মোদী সরকার। এর আগে তিনি যুক্তরাষ্ট্র, চীন, সিঙ্গাপুর ও চেক প্রজাতন্ত্রে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।