জয়শঙ্কর ঢাকায়

 
 
ভারতের নতুন পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর ঢাকা পৌঁছেছেন। সোমবার সকাল সাড়ে ১১টায় ভুটান থেকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকা আসেন তিনি।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। পরে দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নিতে দুই সচিব মন্ত্রণালয়ের যান।
এরপর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও সন্ধ্যায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথা রয়েছে জয়শঙ্করের।
কূটনৈতিক সূত্র জানায়, সফরকালে জয়শংকর নরেন্দ্র মোদি সরকারের বার্তা দেবেন বাংলাদেশ পক্ষকে। ভারতীয় লোকসভার চলতি বাজেট অধিবেশনে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা স্থল সীমান্ত চুক্তি অনুমোদন ও তিস্তা চুক্তি স্বাক্ষরে অগ্রগতির কথা জানাবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরের বিষয় নিয়েও তিনি আলোচনা করবেন।
এছাড়া যৌথ উদ্যোগে বিদ্যুত্ উত্পাদন ও সঞ্চালন, সড়ক, বন্দর অবকাঠামো, বিনিয়োগ, দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে আলোচনা হবে। নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমনে যৌথ সহযোগিতাও আলোচনায় স্থান পাবে। বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল এই চারদেশ নিয়ে গঠিত উপ-আঞ্চলিক সহযোগিতা গ্রুপ নিয়ে কথা হবে। জয়শংকর রবিবার থিম্পুতে উপ-আঞ্চলিক গ্রুপ নিয়ে আলোচনা করেন। ভারত দক্ষিণ এশিয়ার জন্য ২০১৬ সালে মহাশূন্যে সার্ক স্যাটেলাইট উেক্ষপণ করার পরিকল্পনা নিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের সহায়তা চাচ্ছে ভারত।
ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের ১৯৭৭ ব্যাচের সদস্য পেশাদার কূটনীতিক এস জয়শংকর গত ২৯ জানুয়ারি পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেন। সুজাতা সিংকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব থেকে অপসারণের পর জয়শংকরকে এ পদে নিয়োগ দেয় নরেন্দ্র মোদী সরকার। এর আগে তিনি যুক্তরাষ্ট্র, চীন, সিঙ্গাপুর ও চেক প্রজাতন্ত্রে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে সার্কদেশগুলো সফরে (সার্ক যাত্রা) নেমেছেন পররাষ্ট্র সচিব জয়শংকর। প্রথম পর্যায়ে রবিবার তিনি ভুটানের রাজধানী থিম্পু যান। সোমবার সকালে ঢাকা আসলেন তিনি। মঙ্গলবার সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও বুধবার সেখান থেকে আফগানিস্তানের রাজধানী কাবুল যাবেন।