আন্তঃনগর ট্রেনগুলোতে এখন দেখা যায় চরম ভিড়। বিপুল জনগোষ্ঠীর দেশ বাংলাদেশে তাই অনেকে জীবনের ঝুঁকি নিয়ে রেলগাড়ির ছাদে উঠে নিজের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছায়।
রেললাইনের ছাদে অনেক সময় চাঁদাবাজি, ছিনতাই, লুটতরাজ-এর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। আর এরই মধ্যে একশ্রেণির ফেরিওয়ালা তার জিনিসপত্র ঝুঁকি নিয়ে বিক্রি করে। সে নিজেও বিপদে পড়ে আর অন্যকেও বিপদে ফেলে। রেলের ছাদে সবসময় ওত পেতে বসে থাকে এক ধরনের মাদকসেবী ব্যক্তি যারা যেকোনো মুহূর্তে বেপরোয়া হয়ে ওঠে এবং সাধারণ নিরীহ জনতাকে অনেক সময় আক্রমণ করে বসে এবং সর্বস্ব লুট করার জোর প্রচেষ্টা চালায়। ভুক্তভোগী ব্যক্তি তার জিনিসপত্র সহজে দিতে না চাইলে এক পর্যায়ে তাদের ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার মত নির্মম ঘটনা আমরা সচরাচর দৈনিক পত্রিকার পাতায় দেখতে পাই। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন এই যে, সাধারণ মানুষ যাতে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাতায়াত না করে এবং তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়—সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই কামনা করি।
n লেখক:শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়