অসাম্প্রদায়িক, মেধাবী তরুণ বুদ্ধিজীবী, প্রগতিশীল লেখক অভিজিৎ রায়ের নৃশংস হত্যার প্রতিবাদে টরন্টোর সর্বস্তরের নাগরিকদের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘রুখে দাড়াও’ শীর্ষক এই নাগরিক সমাবেশে বক্তরা বলেছেন, মুক্তচিন্তার অভিজিৎদের রক্ষা করার মতো রাষ্ট্র আমরা গড়ে তুলতে পারিনি। অথচ এটিই ছিলো ৭১ এর মুক্তিযুদ্ধের প্রধান স্বপ্ন।
টরন্টোর সামাজিক রাজনেতিক সংগঠন প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) এবং বাঙালি সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র ‘যথার্থ’ এর যৌথ আয়োজনে রয়্যাল কানাডীয়ান লিজিয়ন হল রুমে এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। পিডিআই এর আহ্বায়ক প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজিজুল মালিকের সভাপতিত্বে এই সমাবেশে কমিউনিটির প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ আলোচনায় অংশ নেন।
অপরদিকে মন্ট্রিয়লে এক মানববন্দন অনুষ্ঠিত হয়। ডাউনটাউনে প্রচণ্ড শৈত্যপ্রবাহ উপেক্ষা করে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্যানেডিয়ান সিভিল সোসাইটি ইন মন্ট্রিয়লের ডাকে বিভিন্ন রকমের ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড নিয়ে এবং মুখে ও মাথায় কালো কাপড় বেঁধে জাত-ধর্ম নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত হয়েছিলেন। তাদের স্লোগান ছিল, ‘যুক্তিবাদি মুক্তচিন্তক লেখক অভিজিৎ রায়'রা হারলে, হারবে বাংলাদেশ।’