সেবা খাতের রপ্তানিতে বড় প্রবৃদ্ধি

ইত্তেফাক রিপোর্ট

গত কয়েক মাসে সেবা খাতের রপ্তানিতে বড় অগ্রগতি দেখা গেছে। চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম তিন মাস জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ১২৫ কোটি মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি হয়েছে প্রায় ১৪১ কোটি ডলারের সেবা। গত অর্থবছর এই খাতের রপ্তানির পরিমাণ ছিল ৯০ কোটি ৬৩ লাখ ডলার। সেই হিসেবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এই খাতের রপ্তানি বেড়েছে ৫০ কোটি ডলারের উপরে বা প্রায় ৪ হাজার ১৩০ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এটি প্রায় ৫৬ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

ইপিবি সূত্র জানিয়েছে, সেবা খাতের রপ্তানি বৃদ্ধির এই হার দেশের মোট রপ্তানিতেও ইতিবাচক প্রভাব ফেলেছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ছিল ১৮ দশমিক ৬৫ শতাংশ।  সেবা খাতের রপ্তানি যুক্ত হওয়ার পর মোট জাতীয় রপ্তানি প্রবৃদ্ধি বেড়ে ২১ দশমিক ৩৪ শতাংশ হয়েছে। গত জুলাই থেকে   সেপ্টেম্বর পর্যন্ত সময়ে পণ্য রপ্তানি হয়েছে ১ হাজার ৩৬৫ কোটি ডলার। আর গত অর্থবছরের (২০১৭-১৮) প্রথম তিন মাসে  পণ্য রপ্তানির পরিমাণ ছিল ১ হাজার ১৫১ কোটি ডলার। সব মিলিয়ে গত তিন মাসে (পণ্য ও সেবা যুক্ত করে) মোট রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫০৬ কোটি ডলার। গত অর্থবছরে এই রপ্তানির পরিমাণ ছিল ১ হাজার ২৪১ কোটি ডলার।

সাম্প্রতিক বছরগুলোতে  মোট রপ্তানিতে সেবা খাতের রপ্তানিকে হিসাবভুক্ত করা হয়। এর  আগে এসব রপ্তানি জাতীয় রপ্তানিতে হিসাবভুক্ত হতো না। গত দুই অর্থবছর থেকে এটি জাতীয় রপ্তানির পরিসংখ্যানের সঙ্গে যুক্ত হয়। ফলে রপ্তানি আয় বেশি দেখা যাচ্ছে। গত ২০১৭-১৮ অর্থবছরে পণ্য রপ্তানির পণ্য হয়েছে ৩ হাজার ৬৬৬ কোটি ৮১ লাখ ডলারের। সেবা খাতের রপ্তানি হয়েছে আরো ৪৩৩ কোটি ৯৭ লাখ ডলার। সব মিলিয়ে গত অর্থবছরে মোট রপ্তানির লক্ষ্য রয়েছে ৪ হাজার ১শ’ কোটি ডলার। আর চলতি অর্থবছরে ৩ হাজার ৯শ’  কোটি ডলারের পণ্য ও ৫শ’ কোটি ডলারের সেবাসহ সবমিলিয়ে ৪ হাজার ৪শ’ কোটি ডলারের রপ্তানির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

সেবা খাতের রপ্তানির তালিকায় রয়েছে মূলত সরকারি পণ্য ও সেবা (যা পণ্য রপ্তানির পরিসংখ্যানে হিসাবভুক্ত হতো না)। এর বাইরে রপ্তানির তালিকায় রয়েছে টেলিযোগাযোগ ও তথ্য সেবা, আর্থিক সেবা, নির্মাণ, যাতায়াত, পরিবহনসহ মোট ১২ ধরনের সেবা।