বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে বর্তমান সংসদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমপিরা আগামী ১০০ বছরেও সংসদে আসতে পারবে না। তিনি তার বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পর্কে বলেন, আওয়ামী লীগ এর আগেও আমার বিরুদ্ধে খুনের মামলাসহ অনেকগুলো মামলা দিয়েছিল। আমি এসব ভয় পাই না। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
স্থানীয় সময় গত রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে গ্রেটার ঢাকা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত 'গণতন্ত্র পুনরুদ্ধার ও আগামীর বাংলাদেশ' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন সাদেক হোসেন খোকা।
সংগঠনের সভাপতি কাজী আজহারুল হক মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ড. এস আই শেলী, বিশিষ্ট সাংবাদিক মঈনুদ্দীন নাসের, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদ, কামাল সাঈদ মোহন, মোশাররফ হোসেন সবুজ এম. বাসেত রহমান, সৈয়দ আকিকুর রহমান ফারুক, এ কে আজাদ, নাসির উদ্দিন শরিফ, শেখ শাহজাহান, আব্দুল করিম প্রমুখ। আলোচনা সভার সঞ্চালক ছিলেন আতাউর রহমান আতা ও সোহরাব হোসেন।
আলোচনা সভায় সাদেক হোসেন খোকা বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দিয়েছেন, সেই আন্দোলন এখনো চলছে। এই আন্দোলনকে দমাতে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে মানুষ হত্যা করছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আজকে যাদের ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে এবং পেট্রোল বোমায় যারা নিহত হচ্ছেন তাদের দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে।