ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিট ক্যামেরন ওয়ার্ল্ডকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের চমৎকার সাফল্যের প্রশংসা করে বলেছেন, ক্রিকেটে বাংলাদেশের আরো বেশি অনুশীলন করা প্রয়োজন। দেশ ফাউন্ডেশন নামে একটি সংগঠনের উদ্যোগে বার্মিংহামের দ্য বিংলে হলে বুধবার আয়োজিত ‘ব্রিটিশ-বাংলাদেশী বিজনেস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যে আমি আনন্দিত। আমি জানি ইংল্যান্ড তাদের কাছে হেরে গেছে। কিন্তু তারা খুব ভালো খেলেছে। আমি অভিনন্দন জানাই। ক্রিকেটে বাংলাদেশ দলের সাফল্যের বিচারে বলতে হবে এক্ষেত্রে আরো বেশি সময় দিলে তারা আরো ভালো করবে।
যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটিতে ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২১ টি বিভাগে ২৮ জনকে পদক দেয়া হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লর্ড তারিক আহমদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গরহর রিজভি, লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার মো. আবদুল হান্নান প্রমুখ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিসবাউর রহমান।
বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চ্যানেল আই‘র শাইখ সিরাজকে অনুষ্ঠানে বিশেষ সম্মাননা পদক দেয়া হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন আরো বলেন, যুক্তরাজ্যের অর্থনীতিতে বাংলাদেশি কমিউনিটির অবদান অস্বীকার করা যাবে না। তারা শিক্ষা, ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ ভালো করছে। আমি আশা করছি ভবিষ্যতে তারা আরো ভালো করবে।
তিনি বাংলাদেশী সম্প্রদায়ের উচ্ছসিত প্রসংশা করে বলেন, আমি বাংলাদেশি কমিউনিটির কাছ থেকে আরো দারুণ কিছু আসা করছি। একদিন হয়তো এই কমিউনিটি থেকে ব্রিটেন একজন প্রধানমন্ত্রী পাবেন। তারা কেবলমাত্র কারি বিজনেসেই সীমাবদ্ধ থাকবে না।