ফেনী লেমুয়ায় আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষ: আহত ৪

ফেনী সদর উপজেলার লেমুয়ার চানপুর নামক স্থানে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের দুগ্রুপের সমর্থকদের মধ্যে হামলায় ছাত্রলীগ-যুবলীগের ৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর, উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, ফেনী শহরে আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধে শহরের ট্রাংক রোডস্থ জনসভা শেষে বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে সদর উপজেলার লেমুয়ার চানপুর নামক স্থানে পৌঁছলে লেমুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোশারফ হোসেন নাসিরের সমর্থকরা স্থানীয় লেমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ কামরুজ্জামান গ্রুপের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আওয়ামী লীগের দুগ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা করলে ছাত্রলীগ-যুবলীগের জাবেদ (২৫), আজিজুল হক (২৫), ফয়সল (২৮) ও ওমর ফারুক (২৫) চারজন আহত হয়েছে। আহতদের দ্রুত ফেনী জেলা সদর হাসপাতালের নিয়ে আসা হয়। তাদের মধ্যে জাবেদ ও আজিজুল হকের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
লেমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ কামরুজ্জামান জানান, শহরে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধে জনসভা শেষে বাড়ী যাওয়ার পথে লেমুয়ার চানপুর নামক স্থানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোশারফ হোসেন নাসিরের সমর্থকরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে ছাত্রলীগ-যুবলীগের জাবেদ, আজিজুল হক, ফয়সল ও ওমর ফারুক গুরুতর আহত হয়।
ফেনী জেলা সদর হাসপাতালের ডাঃ গাজী মজিবুর রহমান জানান, আহত দুজনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসা চলছে।