নওগাঁর আত্রাই উপজেলা সদরের মৎস্যজীবী (জিয়ানিপাড়া) পাড়ার মৃত মন্টু হোসেনের বাড়ীর সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ১২টি পেট্রোল বোমা উদ্ধার হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, মৎস্যজীবী পাড়ার সাইফুল ইসলাম, বাবুল হোসেন ও বারেক উদ্দিন।
পুলিশ জানায়, শুক্রবার ভোর চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের মৎস্যজীবী (জিয়ানিপাড়া) পাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় পেট্রোল বোমাগুলো উদ্ধার হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই পাড়ার সাইফুল ইসলাম, বাবুল হোসেন ও বারেক উদ্দিন নামে তিনজনকে আটক করেছে পুলিশ।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খাঁন বলেন, ‘নাশকতা ঘটানোর জন্য পূর্ব শত্রুতার জেরে বোমাগুলো সেখানে রাখা হতে পারে। বিষয়টি আরো ক্ষতিয়ে দেখা হচ্ছে। বোমাগুলো ধ্বংস করার প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে মামলা হয়েছে।’