মুজিবনগরে এরশাদ অপহৃত, বোমাঘাতে আহত ৩

মেহেরপুরের মুজিবনগর উপজেলার ঢোলমারী গ্রাম থেকে বোমা ফাটিয়ে ভূষিমাল ব্যবসায়ী এরশাদ আলীকে (৩৫) অপহরণ করা হয়েছে। এসময় বোমাঘাতে নছিমন চালক রবিউল ইসলাম (২৫) ও সন্ত্রাসীদের মারধরে আরো দুইজন আহত হন। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। অপহৃতকে উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢোলমারী গ্রামের মিয়াজান আলীর ছেলে ভূষিমাল ব্যবসায়ী এরশাদ আলী গ্রামের ঈদগাহ মোড়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন। এসময় কয়েকজন  মুখোশধারী সন্ত্রাসী এসে তাকে ঘিরে ধরে। আশেপাশের লোকজন ছুটে আসলে তাদের লক্ষ্য করে তিনটি বোমার বিষ্ফোরণ নিক্ষেপ করা হয়। বিকট শব্দে বোমার বিষ্ফোরণ হলে প্রতিরোধকারী লোকজন পিছু হটে। এ সুযোগে এরশাদ আলীকে অপহরণ করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। বোমাঘাতে একই গ্রামের নছিমন চালক রবিউল ইসলাম (২৫) আহত হন। ঘটনাস্থল ত্যাগ করার সময় সন্ত্রাসীরা একই গ্রামের খলিলুর রহমান (২৮) ও একই মোড়ের ভুষিমাল ব্যবসায়ী হেলাল উদ্দীনকে মারধর করে।
স্থানীয় ইউপি সদস্য মিস্টার দানিয়েল মন্ডল জানান, কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়ে এরশাদকে তুলে নিয়ে গেছে। তবে সন্ত্রাসীরা এখনো কোন মুক্তিপণ দাবি করেনি বলেও জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দু সালেক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষ্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে। অপহৃত এরশাদকে উদ্ধার ও সন্ত্রাসীদের আটকে সাড়াশি অভিযান চলছে।