ইউনিয়ন পে কার্ড চালু করল এমটিবি

ইত্তেফাক রিপোর্ট

চীনা প্রতিষ্ঠান ইউনিয়ন পে ইন্টারন্যাশনাল এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) বাংলাদেশের বাজারে চালু করেছে ইউনিয়ন পে কার্ড। এর মাধ্যমে বিশ্বের যে কোনো দেশে ইস্যু করা ইউনিয়ন পে কার্ড দিয়ে এমটিবির এটিএম বুথ ও সেল সেন্টারের বিল পরিশোধ করা যাবে। গতকাল সোমবার রাজধানীর বাংলামোটরে এমটিবি ভবনে এ সেবার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমটিবির চেয়ারম্যান মো. হেদায়েত উল্ল­াহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমটিবির প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ মঞ্জুর এলাহী। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পে ইন্টারন্যাশনাল এর সিইও চাই জিয়ানবো, এমটিবির ভাইস চেয়ারম্যান খাজা নারগিস হোসেন, সাবেক চেয়ারম্যান রাশেদ এ চৌধুরি, এমটিবির ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান প্রমুখ। এর আগে ইউনিয়ন পে কিউআর কোড পেমেন্ট, ডিজিটাল ওয়ালেট এবং ভার্চুয়াল কার্ড চালু করেছে এমটিবি। এই নতুন সেবার মাধ্যমে গ্রাহকরা একইসঙ্গে চার ধরনের কাজ করতে পারবে বলে দাবি ব্যাংকটির।

এমটিবি চেয়ারম্যান মো. হেদায়েত উল্ল­াহ বলেন, এই প্রকল্প বাস্তবায়ন করতে আমাদের আহ্বানে দ্রুত সাড়া দিয়েছে ইউনিয়ন পে। কার্ড ভিত্তিক সেবা চালু করার এটাই সঠিক সময়। আমরা আশা করি খুব তাড়াতাড়ি ইউনিয়ন পে জনপ্রিয়তা লাভ করবে।

ইউনিয়ন পে ইন্টারন্যাশনাল এর সিইও চাই জিয়ানবো বলেন, বাংলাদেশে বেড়াতে আসা পর্যটকদের জন্য লেনদেনের ক্ষেত্রে ইউনিয়ন পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এমটিবির সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত।

ব্যাংকের এমডি আনিস এ খান বলেন, ডিজিটাল ব্যাংকিং বা ডিজিটাল আর্থিক সেবা দেওয়ার ক্ষেত্রে এমটিবি অনেক এগিয়ে রয়েছে। গ্রাহকদের সেবা দেওয়ার ক্ষেত্রে এ ব্যাংক সর্বদা সচেষ্ট। তাই আমাদের গ্রাহকরাও খুশি আছে বলে মনে করেন এ সিনিয়র ব্যাংকার। তিনি বলেন, নতুন এ সেবা চালুর মাধ্যমে এমটিবি গ্রাহকদের নিত্য নতুন প্রয়োজন মেটাতে সহায়ক হবে। অনুষ্ঠানে বলা হয়, দেশের প্রথম ব্যাংক হিসেবে ইউনিয়ন পে চালু করলো এমটিবি। ইউনিয়ন পে’র বিভিন্ন বৈশিষ্ট্য, লেনদেনের ধরন, নিরাপত্তাসহ সার্বিক বিষয় তুলে ধরা হয়।