নিউইয়র্কের পপসঙ্গীত শিল্পী রাসেল ঠাকুরের প্রথম মৃত্যুবার্ষিকী পালন


শ্রদ্ধা ও ভালবাসায় নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির প্রিয়মূখ ও পপসঙ্গীত শিল্পী রাসেল ঠাকুরের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করলেন তার বন্ধুরা। গত বছরের ১২ মার্চ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পৃথিবী থেকে চিরবিদায় নেন তিনি। প্রিয় বন্ধুকে স্মরণ করতে এবং তার আত্মার মাগফিরাত কামনায় স্থানীয় সময় বৃহস্পতিবার রাসেল ঠাকুরের বন্ধুরা আয়োজন করে স্মরণসভা ও দোয়া মাহফিলের।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম কাজী কাইয়্যুম। প্রয়াত রাসেল ঠাকুরের কর্মস্থল ফিউমার নির্বাহী প্রধান ফাহাদ সোলায়মানের সভাপতিত্বে এবং সংস্কৃতি কর্মী মোশাররফ হোসেনের সঞ্চালনায় স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নর্থবেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আতোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেম, চিত্রশিল্পী ফজলে আলম কুটি, ক্রীড়া সংগঠক জসি চৌধুরী, খাবার বাড়ির অন্যতম সত্ত¡াধিকারী কামরুজ্জামান কামরুল, ব্যাংকার হাবিব রায়ান, অপটিমিস্টস মিনহাজ শাম্মু, সাংবাদিক নিহার সিদ্দিকী, আকবর হায়দার কিরণ, মাহবুবুর রহমান মাসুম, বিপ্লব সাহা রাজু প্রমূখ।
স্মরণসভায় বক্তারা রাসেল ঠাকুরের কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করে বলেন, তার মৃত্যুতে আমাদের কমিউনিটিতে যে শূন্যতা তৈরি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। তিনি বলেন, রাসেল ঠাকুর মানুষকে খুব সহজে কাছে টানতে পারতেন। তিনি মানুষের ভালবাসার মাঝে অমর হয়ে আছেন।