রাজশাহীর তানোরে শিশু মেলা


বাহারি রঙে সেজেছিল শিশুরা। মুখে হাসি, চোখে আনন্দের তৃপ্তি। যেন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া প্রকৃতিরই সন্তান। দিনভর নেচে-গেয়ে মাতোয়ারা। এভাবেই শুক্রবার সারাদিন কাটিয়ে দিলো তানোরের ১২টি শিশু সংগঠনের হাজার শিশু। বেসরকারি সংস্থা ‘ব্যাপ্টিষ্ট এইড’ সংস্থা তানোর উপজেলার কালনা মঙ্গলা বাজার মাঠে এই শিশু মেলার আয়োজন করে। শুক্রবার সকাল ১১টায় ফুলের পাঁপড়ি ছিটিয়ে অতিথিদের বরণের পরই অনুষ্ঠিত হয় উদ্বোধনী। তালন্দ ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুনীরুজ্জামান ভূঁঞা। বিশেষ অতিথি ছিলেন পাঁচন্দর ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম মমিন, তানোর থানার এস.আই শামসুল হক, ব্যাপ্টিষ্ট এইড তানোর শাখার ম্যানেজার এন্ডুয়ার্ড গোমেজ, কবি ও সাংবাদিক অসীম কুমার সরকার। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, এনজিও প্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওই বাৎসরিক শিশু মিলন মেলায় স্থানীয় শিশু শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। উক্ত অনুষ্ঠানে সচেতনমূলক বক্তব্যের মাধ্যমে শিশুদের লেখাপড়ায় আরো মনোযোগী হতে উৎসাহ প্রদান করা হয়। পরে বাল্যবিয়ের কুফল, শিশু শ্রম সম্পর্কিত একটি নাটিকা ও পিএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।