নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় যাত্রীবাহী একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। যাত্রীবেশী ডাকাতদল অস্ত্রের মুখে লুটে নিয়েছে অর্ধশত যাত্রীর ৯০টি মোবাইল, স্বর্ণালংকার ও নগদ প্রায় কয়েক লাখ টাকা।
শুক্রবার রাত ১১টায় উপজেলার ছনপাড়া এলাকাতে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় একটি সূত্র জানায়, ঢাকা থেকে যাত্রীবাহী একটি বাস ছনপাড়া এলাকাতে পৌঁছালে আগে থেকেই যাত্রীবেশে উঠা ৬-৭ জনের একদল ডাকাত অস্ত্রের মুখে প্রথমে চালক ও পরে যাত্রীদের জিম্মি করে। এ সময় ডাকাতদল যাত্রীদের কাছ থেকে প্রায় ৯০টি মোবাইল, স্বর্ণালংকার ও বিভিন্ন জনের কাছে থাকা প্রায় কয়েক লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।
অবরোধ ও হরতালের কারণে রাত নয়টার পর যান চলাচল দীর্ঘদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে মহাসড়কে আবারো রাতে যান চলাচল শুরু হয়।
থানার সেকেন্ড অফিসার এস আই সাইফুল জানান, ডাকাতির ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।