নওগাঁর আত্রাইয়ে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক পল্লী চিকিৎসককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার পৈঁসাওতা গ্রামে । এ ব্যাপারে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের পল্লী চিকিৎসক রেজাউন্নবীর সাথে প্রতিবেশী সালেকুলের দীর্ঘদিন থেকে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে আজ দুপুরে প্রতিপক্ষের লোকজন রেজাউন্নবীকে (৫৫) লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
নিহত রেজাউন্নবীর মেয়ে রোজি (২৫) বলেন, সালেকুলের হুকুমেই তার লোকজন আমার পিতাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। এ ব্যাপারে নিহতের মেয়ে রোজি বাদী হয়ে ৫ জনকে আসামি করে আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
আত্রাই থানার ওসি আব্দুল লতিফ খান বলেন, এ ঘটনায় আসামি সালেকুল ইসলামকে (৬০) গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারে জোর তৎপরতা চালানো হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।