এফবিআই এজেন্টকে ঘুষ প্রদান এবং প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে কথিত অপহরণ প্রচেষ্টার অভিযোগে মার্কিন আদালতে দণ্ডপ্রাপ্ত বিএনপির নেতার পুত্র রিজভী আহমেদ দাবি করেছেন, জয়কে তিনি অপহরণ কিংবা তার কোন ক্ষতি করতে চাননি।
স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলতে গিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাধার মুখে পড়েন তিনি। একপর্যায়ে পণ্ড হয়ে যায় সংবাদ সম্মেলন।
ঘুষ দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় মার্কিন আদালতে ৪২ মাসের সাজা হয় বিএনপির অঙ্গ সংগঠন জাসাসের কেন্দ্রীয় সহ-সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ উল্ল্যাহ মামুনের পুত্র রিজভী আহমেদের।
রিজভী আহমেদের পিতা বিএনপি নেতা মোহাম্মদ উল্লাহ মামুনের দাবি, তার ছেলে কোনো রাজনীতি করেন না। তবে তার ছেলে যা করেছে তা কেবল দেশপ্রেমের কারণেই।
সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে তার পিতা ছাড়াও যুক্তরাষ্ট্র বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুগ্ম সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন, কাজী আজমসহ যুক্তরাষ্ট্র বিএনপির বেশকিছু নেতাকর্মী ছিলেন।
এদিকে সংবাদ সম্মেলন করতে বাধা দেওয়া প্রসঙ্গে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানান, তাদের নেতা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ প্রচেষ্টায় সাজাপ্রাপ্ত একজন আসামির আদালতের নির্দেশ ছাড়া সংবাদ সম্মেলন করার কোনো অধিকার নেই।
উল্লেখ্য, নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালত এফবিআই’র একজন এজেন্টকে ঘুষ দেওয়ার অভিযোগে রিজভীকে ৪২ মাসের দণ্ডাদেশ দেন। আগামী ২০ এপ্রিল তাকে কারাগারে উপস্থিত থাকতে বলেছে আদালত।