প্রবল বিরোধীতা স্বত্ত্বেও কানাডার অন্টারিও প্রদেশের স্কুলসমূহের জন্য পাঠ্যসূচিতে আধুনিক যৌন শিক্ষা অন্তর্ভূক্ত করা হচ্ছে। এ বছরের সেপ্টেম্বর থেকে তা পড়ানো হবে। দেশটির শিক্ষামন্ত্রী লিজ সেন্ডালস টরন্টোতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য দেন।
আর এই বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক থেমে নেই।
এ প্রসঙ্গে লিজ সেন্ডালস বলেন, সরকার এবার পিছু হটবে না, যেমনটি হটেছিল গত ২০১২ সালে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রবল বিরোধীতার মুখে। তিনি আরো বলেন, কেউ কেউ এর বিরোধীতা করতে পারে, কিন্তু নতুন এই পাঠ্যসূচী আমাদের সন্তানদের নিরাপত্তার জন্যই করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মন্ত্রী আরো বলেন, আমরা আধুনিকিকরণ করা এই পাঠ্যসূচিতে পুরানো কিছু বিষয়ও রেখেছি। শিক্ষাদানের জন্য কিছু কিছু বিষয় আগাম যোগ করা হয়েছে । তরুনদের যৌন জীবনে টেকনলজির ভূমিকা নিয়েও নতুন এই পাঠ্যসূচিতে আলোচনা করা হয়েছে।
টরন্টোর পাক্ষিক প্রবাসী কণ্ঠ থেকে জানা যায়, নতুন যৌন শিক্ষা পাঠ্যসূচিতে কি কি পড়ানো হবে:
গ্রেড ওয়ানের ছাত্র-ছাত্রীরা শিখবে কি করে মুখের এবং কন্ঠস্বরের অভিব্যাক্তি হৃদয়ঙ্গম করা যায় এবং শরীরের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গ কোনটার কি নাম তা।
গ্রেড টু এর ছাত্র-ছাত্রীরা শিখবে মানব শরীরের ক্রমবিকাশের ধাপসমূহ এবং এর সঙ্গে সম্পর্কিত শারীরিক পরিবর্তনসমূহ কি কি তা।
গ্রেড থ্রি এর ছাত্র-ছাত্রীরা সম-লিঙ্গ সম্পর্ক বা রিলেশনশীপ সম্পর্কে অবহিত হবে। এতে করে শিশুরা জানবে এবং বুঝতে পারবে যে দুই মা অথবা দুই বাবার সংসার অন্যান্য সংসারের মতোই আরেকটি সংসার এবং এটি নিরাপদ।
অনলাইন বুলিং বা হুমকী-ভয় ভীতিপ্রদর্শন এবং এর বিপদ কি হতে পারে সে সম্পর্কে শিক্ষাদান করা হবে গ্রেড ফোর এর ছাত্র-ছাত্রীদেরকে। অনলাইনে যৌনতাপূর্ণ ছবি পোস্ট করা বা শেয়ার করার বিপদ সম্পর্কেও তাদেরকে শিক্ষা দেওয়া হবে।
গ্রেড ফাইভ এর ছাত্র-ছাত্রীদেরকে বংশ বৃদ্ধিতে মানব শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সম্পর্কে জ্ঞানদান করা হবে। জ্ঞানদান করা হবে মেয়েদের পিরিয়ড সম্পর্কে।
গ্রেড সিক্স এর ছাত্র-ছাত্রীদেরকে শেখানো হবে লিঙ্গ অভিব্যক্তি ও মৈথুন বিষয়টা কি।
গ্রেড সেভেন ও এইট এর ছাত্র-ছাত্রীদেরকে জন্মনিয়ন্ত্রণ বিষয়ে শিক্ষাদান করা হবে। এনাল সেক্স ও ওরাল সেক্স, গর্ভাবস্থা এবং যৌনবাহিত রোগ সম্পর্কেও আলোচনা করা হবে এই দুই গ্রেডের ছাত্র-ছাত্রীদের ক্লাসে।
গ্রেড নাইনের ছাত্র-ছাত্রীদের শেখানো হবে কি করে বিভিন্ন পন্থা অবলম্বন করে অনিচ্ছাকৃত গর্ভবতী হওয়া থেকে এবং বিভিন্ন যৌনবাহিত রোগ থেকে বাঁচা যায়। যৌন স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষা করার জন্য নিজেদের জ্ঞানকে কিভাবে প্রয়োগ করতে হবে সেগুলো শিক্ষাদানের পাশাপাশি কনসেপ্ট অব কনসেন্ট বিষয়েও শিক্ষাদান করা হবে।
গ্রেড টেন এ যৌনতা সম্পর্কে কিছু ভ্রান্তধারণা এবং এই ধারণা কি ভাবে মানুষকে ক্ষতিগ্রস্থ করে সে বিষয়ে সচেতন করে তোলার জন্য শিক্ষা দান করা হবে।
গ্রেড এলিভেনে এসে ছেলে-মেয়েদের যৌণ স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উপর জোর দেয়া।
গ্রেড টুয়েলভ এ যৌন নির্যাতন, হয়রানী বা জুলুম বিষয়ে আইনী পদক্ষেপ কি কি হতে পারে সেগুলো সম্পর্কে জ্ঞান দান করা হবে। হেলদি রিলেশনশীপ বা সুস্থ সম্পর্ক কিভাবে গড়ে তোলা যায় বা বিকশিত করা যায় সে সম্পর্কেও জ্ঞানদান করা হবে।
উল্লেখ্য যে, এই যৌন শিক্ষা পাঠ্যসূচী গত প্রায় ২০ বছরের মধ্যে এই প্রথম আপডেট বা আধুনিকিকরণ করা হলো।
এদিকে শিক্ষামন্ত্রীর এই ঘোষণার পরও যৌন শিক্ষা পাঠ্যসূচির ব্যাপারে আগে থেকেই চলে আসা বিতর্ক থেমে যায়নি। বরং অন্টারিও পার্লামেন্টের সামনে এমনকি অভ্যন্তরেও বিতর্ক তুঙ্গে উঠে। গত ২৪ ফেব্রুয়ারী কুইন্স পার্কের সামনে সোসিয়্যালি কনজারভেটিভ ক্যাম্পেইন লাইফ কোয়ালিশন যৌন শিক্ষা পাঠ্যসূচির বিরুদ্ধে প্রতিবাদ সভা করে। তারা বলে, এই শিক্ষাকার্যক্রম অন্টারিওর হাজার হাজার ছাত্রী-ছাত্রীকে বিপদগ্রস্ত করে তুলবে। তারা যৌন নিপীড়নকারীদের লালসার শিকার হবে।
অপর দিকে কুইন্স পার্কের অভ্যন্তরে রক্ষণশীল দলের এমপিপি মন্টে ম্যাক্নঘটন প্রিমিয়ার ক্যাথেলিন ওয়েনিকে দোষারোপ করে বলেন, বিষয়টি চূড়ান্ত করার আগে অভিবাকদের সঙ্গে পরামর্শ করা উচিৎ ছিল। তারা এই শিক্ষা পদ্ধতির বিরোধিতা করে ২৭,০০০ স্বাক্ষর সংগ্রহ করে।