মালদ্বীপে ‘রহস্যজনকভাবে’ নিহত ছেলের মরদেহ দেশে ফেরত আনতে সাহায্য চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন এক মা। গত ৫ মার্চ মালদ্বীপের হাড্ডু সিটির ভুকসিজন প্রতিষ্ঠানে বৈদ্যুতিক পাখায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার ছেলে জুয়েল আহমেদকে (২৫)। পরিবার-পরিজনকে না জানিয়ে সেখানে তাকে দাফন করা হয়। জুয়েলের মা বেলা বেগম জানান, মালদ্বীপের মোহাম্মদ রাশিদের প্রতিষ্ঠানে রোজগারের আশায় ২০১৩ সালে তার ছেলে সেখানে পাড়ি জমায়। গত ৫ মার্চ কোম্পানির আবাসস্থলে ছেলের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সেখানকার বাংলাদেশিদের মাধ্যমে তিনি তার ছেলের মৃত্যুর খবর জানতে পারেন। তবে বাংলাদেশ দূতাবাস কিংবা মালদ্বীপের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি ছেলের মৃত্যুর কোন খবর পাননি। অথচ তাকে না জানিয়ে সেখানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়। তিনি এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। সেইসঙ্গে তার ছেলের লাশ দেশে ফিরিয়ে এনে দাফন করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।