ইলিনয় বিএনপির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অভিযোগ

শিকাগোয় বাংলাদেশ ডে প্যারেডকে জিয়াউর রহমানের নামে প্রচারণা!

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের শিকাগোয় অনুষ্ঠেয় বাংলাদেশ ডে প্যারেড নিয়ে বিএনপি জালিয়াতির আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে আয়োজিত এক আলোচনা সভায় সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এ প্রসঙ্গে বলেন, ইতিপূর্বে বিএনপি ছয়জন মার্কিন কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করে ভুয়া বিবৃতি দিয়েছিল। এবার একই ধরনের জালিয়াতির আশ্রয় নিয়ে শিকাগো সিটি কর্তৃপক্ষ আয়োজিত বাংলাদেশ ডে প্যারেডকে স্থানীয় বিএনপি জিযাউর রহমান ডে প্যারেড নাম দিয়ে একতরফাভাবে প্রচারণা চালাচ্ছে।
প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় ড. সিদ্দিকুর রহমান জানান, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে প্রতিবছরের মত শিকাগো সিটি কর্তৃপক্ষ বাংলাদেশ ডে প্যারেডের আয়োজন করে আসছে। এবারো স্বাধীনতার ৪৪তম বার্ষিকীতে আগামী স্থানীয় সময় ২৮ মার্চ বেলা আড়াইটায় শিকাগোর ওয়েস্ট রিজ এলাকা থেকে বাংলাদেশ ডে প্যারেডের আয়োজন করেছে। অথচ একই প্যারেডকে ‘জিয়াউর রহমান প্যারেড’ নাম দিয়ে প্রচারণা চালাচ্ছে ইলিনয় স্টেট বিএনপি। এমনকি ওই প্যারেড অনুষ্ঠানের নামে পোস্টার ছাপিয়ে তাতে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে প্রধান অতিথি এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুককে বিশেষ অতিথি করা হয়েছে।
এ প্রসঙ্গে ড. সিদ্দিকুর রহমান আরো জানান, এর আগে ছয় কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করে বিএনপির পক্ষে ভুয়া বিবৃতি দেয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এখন তারা শিকাগো সিটি কর্তৃপক্ষের সঙ্গে প্রতারণা করে সেখানকার প্রবাসী বাংলাদেশিদের বেকায়দার ফেলার চেষ্টা করছে। এ ধরনের জালিয়াতি অনুষ্ঠানে না যাওয়ার জন্য সাদেক হোসেন খোকার প্রতি আহ্বান জানান সিদ্দিকুর রহমান।
আলোচনা সভায় সিদ্দিকুর রহমান শিকাগো সিটি কর্তপক্ষের ওয়েবসাইট থেকে সংগৃহীত বাংলাদেশ ডে প্যারেডের অনুষ্ঠানসূচির কপি সাংবাদিকদের সরবরাহ করেন। এসময় তিনি একই বিষয়ে ইলিনয় বিএনপির পোস্টারের ফটোকপি সরবরাহ করেন সাংবাদিকদের কাছে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সৈয়দ বসারত আলী, মাহবুবুর রহমান, আবুল কাশেম, লুৎফুল করিম, আব্দুস সামাদ আজাদ, আইরিন পারভিন, ফারুক আহমেদ, আবুল মনসুর খান, মুজাহিদুল ইসলাম, মুকিত চৌধুরী,  তৈয়বুর রহমান টনি, কাজী খোকন, হাজী নিজাম, সাখাওয়াত বিশ্বাস, ফরিদ আলম, আব্দুল হামিদ, আনিসুজ্জামান সুজন, আবু তাহের, রহিমুজ্জামান সুমন, জাহাঙ্গীর এইচ মিয়া প্রমুখ।