বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে নিউইয়র্ক পুলিশের দক্ষিণ এশিয়ান আমেরিকান অফিসারদের সংগঠন দেশী সোসাইটি। এ উপলক্ষে স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কের গ্রেটনেকের লিওনার্দো প্লাজায় দেশী সোসাইটির বার্ষিক ডিনার ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে কেক কেটে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।
নিউইয়র্ক পুলিশের কমিশনার উইলিয়াম জে ব্রাটন বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে লাল-সবুজের পতাকার রঙে তৈরি কেক কাটেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নিউইয়র্ক পুলিশের প্রথম উপ-কমিশনার বেঞ্জামিন বি. টাকার, এনওয়াইপিডি দেশী সোসাইটির প্রেসিডেন্ট আমজাদ খান এবং বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক পুলিশের বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ সার্জেন্ট সাঈদ, লেফটেন্যান্ট সুজাত খান, মিলাদ খান ও শামসুল হক, অফিসার জামিল সারোয়ার জনি, মো. লতিফ, আব্দুল হাফিজ, এরশাদ সিদ্দিকী, মো. সোহেল ও রাজু, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, সহ-সভাপতি ফারুক হোসেন মজুমদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, এটর্নি মঈন চৌধুরী, ব্যাংকার রায়ান হাবিব প্রমুখ।
এদিকে দেশী সোসাইটির অষ্টম ডিনার পার্টি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি ছিল জাঁকজমকপূর্ণ ও ব্যতিক্রম। অনুষ্ঠানে এ বছর ম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন নিউইয়র্ক পুলিশের চিফ অব ডিপার্টমেন্ট জেমস ও’নিল এবং আজীবন সম্মাননা দেয়া হয়েছে প্রথম উপ-কমিশনার বেঞ্জামিন বি. টাকার। দায়িত্বপালনের সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত ডিটেকটিভ রাফায়েল রামোস ও ওয়েন জিয়ান লিকে মরণোত্তর সম্মাননা দেয়া হয়। এছাড়া সাহসিকতাপূর্ণ অবদানের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন পুলিশ অফিসার গোবিন রঘুনাথ, ক্রেইগ লালা ও প্যাটেল চিন্তনকুমার। এছাড়া বছরের সেরা পুলিশ অফিসার কেনেথ হেলি।
অনুষ্ঠানে অতিথিদের ট্রেডিশনাল ইন্ডিয়ান ও কন্টিনেন্টাল হালাল খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে ভাংরা ড্যান্স পার্টি নৃত্য পরিবেশন করে অতিথিদের মুগ্ধ করে।