সমৃদ্ধি লাভে সমুদ্র অর্থনীতির ওপর গুরুত্ব আরোপ

ব্লু ইকোনমি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই উন্নয়নের জন্য সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (বিমরাড) আয়োজনে প্রথমবারের মতো গতকাল সোমবার হোটেল রেডিসন ব্লু-তে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিক। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক ও নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ।

মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমুদ্র সম্পদের গুরুত্ব অনুধাবন করে ১৯৭৪ সালে টেরিটোরিয়াল ওয়াটার এন্ড মেরিটাইম জোনস অ্যাক্ট প্রণয়ন করেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ প্রতিবেশী দেশসমূহের সাথে শান্তিপূর্ণভাবে সমুদ্রসীমা নির্ধারণ করতে সক্ষম হয়েছে, যা বাংলাদেশের সমুদ্র অর্থনীতির বিশাল সম্ভবনার দুয়ারকে উন্মোচিত করেছে।

তিনি বলেন, বাংলাদেশ সরকারের বলিষ্ঠ পদক্ষেপে দেশ এখন দ্রুত গতিতে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে বাংলাদেশ ২০২১ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হবে বলে আশা করা যায়। এই লক্ষ্য অর্জনে সমুদ্র অর্থনীতির উপর গুরুত্ব আরোপের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে প্রতিবেশী দেশসমূহের একযোগে কাজ করা জরুরি। এজন্য দক্ষ নেতৃত্ব, পারস্পরিক ও আঞ্চলিক সহযোগিতা, কার্যকরী উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার সমুদ্র অর্থনীতির উন্নয়নে সর্বদা কাজ করে যাচ্ছে।

নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকারের ঐকান্তিক আগ্রহে বাংলাদেশ অর্জন করেছে ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটারের এক বিশাল সমুদ্র এলাকা। এই সমুদ্র মত্স্য ও খনিজসহ বিভিন্ন সম্পদে পরিপূর্ণ। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে এই সম্পদকে কাজে লাগানোর কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, এই সেমিনারে বিভিন্ন মেরিটাইম বিশেষজ্ঞদের তাত্ত্বিক জ্ঞানভিত্তিক আলোচনা টেকসই উন্নয়নে সমুদ্র নিরাপত্তা ও সুশাসন নিশ্চিতকরণের পথকে আরও অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি এই সেমিনার সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার প্রতিবন্ধকতাগুলোকে চিহ্নিত করে তা থেকে একটি গ্রহণযোগ্য সমাধান অর্জনের পথকে প্রশস্ত করবে।

উল্লেখ্য বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিটাইম রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (বিমরাড) বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় একটি সেবাধর্মী ও অলাভজনক সামুদ্রিক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গত ৩ জুলাই যাত্রা শুরু করে।