বন্ধ হতে যাচ্ছে রাজনীতিমুক্ত যশোর বিশ্ববিদ্যালয়!

 
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবেশ অস্থিতিশীল হয়ে উঠায় আগামীকাল রবিবার বন্ধ ঘোষণা করা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ছাত্র খুনের আসামি ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভের ঘটনার জের ধরে কর্তৃপক্ষ ১০ জন ছাত্রকে চিহ্নিত করেছে। তাদের ভূমিকা বিশ্লেষণ করে আজ তাদের বহিষ্কার করা হতে পারে। আর সেটা হলে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে ধারনা করছে খোদ বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর সেরকম হলে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার মতো সিদ্ধান্তে যেতে পারে বলে আভাস পাওয়া গেছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শেখ আবুল হোসেনকে আহ্বায়ক এবং ছাত্র উপদেষ্টা মীর মোশাররফ হোসেনকে সদস্য সচিব করে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য দায়ীদের চিহ্নিত করেছে এবং রবিবারই তারা রিপোর্টে ওই ১০ ছাত্রকে বহিষ্কারের সুপারিশ করছে বলে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।
উল্লেখ্য, যবিপ্রবি ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলেও গত বছর ১৬ মে সুব্রত বিশ্বাসকে সভাপতি ও এসএম শামীম হোসেনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কমিটি গঠন হয়। এনিয়ে অন্তর্কোন্দলে জড়িয়ে পড়ে ছাত্রলীগ। এর  জের ধরে গতবছর ১৪ জুলাই খুন হন পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র নাইমুল ইসলাম রিয়াদ। খুনের ঘটনায় গত বছর ১৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের সভায় ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম হোসেনকে স্থায়ী বহিষ্কার করা হয়। এছাড়া পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ফয়সাল তানভীরকে দুই বছর ও শারীরিক শিক্ষা বিভাগের ছাত্র আজিজুল ইসলামকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। এরপর থেকে যবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মকা্ল বন্ধ ছিল। ২৪ মার্চ যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জামিনে জেল থেকে মুক্তি পান। এদিন তাদের জেলগেটে সংবর্ধনা দেয়া হয়। আর এর তিন দিন পর ২৮ মার্চ বিশ্ববিদ্যালয়ে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি জানায় ছাত্রলীগ। শনিবার বেলা ১১টায় রাজনীতিনিষিদ্ধ যবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রলীগ বিক্ষোভ করে আগামী ২৪ ঘন্টার মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আল্টিমেটামও দিয়ে বলা হয় ‘তা না হলে ধারাবাহিক কঠোর কর্মসূচি দেয়া হবে।’