অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ২১:৪৪

চট্টগ্রামের ফটিকছড়ির পাহাড়ি এলাকায় পুলিশের অভিযানের মুখে পিস্তল ও গুলি ফেলে পালিয়ে যান মোহাম্মদ রায়হান আলম ওরফে শুটার রায়হান। পরে তার এক সহযোগীর বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ইতালিতে তৈরি পিস্তলটি ৭ দশমিক ৬৫ এমএম মডেলের।

এছাড়া অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রায়হান এখনো ধরা পড়েননি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. এমরান হোসেন মাসুদ (২০), কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. ইকতিয়ার ফরহাদ (২০), মো. মহররম আলী (২৮), জনার্ধন দে (৬৫) ও মো. জাবেদ হোসেন (২৫)। 

পুলিশের ভাষ্য, রায়হান ও তার সহযোগীরা ফটিকছড়ির ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। গত ২২ নভেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের ধরতে অভিযান শুরু করে ভূজপুর থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

পুলিশ জানায়, ২৩ নভেম্বর সুয়াবিল ইউনিয়নের হাজীরখিল কোদালিয়া টিলার দুর্গম পাহাড়ি এলাকায় দিনব্যাপী অভিযান চালানো হয়। এ সময় অস্ত্রের বাট, ট্রিগার, নল, ট্রিগার গার্ড, স্প্রিং, কাউন্টার রিকয়েল, ড্রিল মেশিন ও গ্রাইন্ডার মেশিনসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুটি শটগানের কার্তুজ ও দুটি খালি খোসাও পাওয়া যায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ওই এলাকায় অবস্থান করে রায়হান ও তার সহযোগীরা অস্ত্র তৈরি করতেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা আরও গভীর পাহাড়ি এলাকায় পালিয়ে যান।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের মুখে নিজেদের অবস্থান অনিরাপদ মনে করে একই দিন সন্ধ্যা পৌনে আটটার দিকে সহযোগীদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে এলাকা ছাড়ার চেষ্টা করেন রায়হান। এ সময় সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় স্থানীয় লোকজন তাদের গতিরোধের চেষ্টা করেন। তখন রায়হান ও তার সহযোগীরা এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে শটগানের গুলিতে ছয়জন সাধারণ মানুষ আহত হন। পরে স্থানীয় লোকজন রায়হানের বিশ্বস্ত সিএনজিচালক মো. জাবেদ হোসেনকে আটক করেন।

এ ঘটনার পর রায়হান ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান জোরদার করে পুলিশ। ২৪ নভেম্বরও ভূজপুর ও ফটিকছড়ি থানা এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি ও চেকপোস্ট বসানো হয়। এর মধ্যে ২৫ নভেম্বর গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রায়হান ও তার আশ্রয়দাতা এজাহার মিয়া খাগড়াছড়ি থেকে সহযোগীদের মাধ্যমে গুলি সংগ্রহের চেষ্টা করছেন।

এ তথ্যের ভিত্তিতে ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভূজপুর থানার কাজীরহাট-সংলগ্ন কালাইয়ারটেক এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মোটরসাইকেল ও শটগানের ১০ রাউন্ড শীসা কার্তুজসহ রায়হানের দুই সহযোগী এমরান হোসেন মাসুদ ও কাজী সাইদুল ইসলাম সৌরভকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরখাঁরহাট বাজারের হাজী নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে ইকতিয়ার ফরহাদকে গ্রেপ্তার করা হয়। তার দেখানো মতে শোবার ঘর থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ইকতিয়ার পুলিশকে জানান, বন্দুকটি এজাহার মিয়ার এবং পিস্তলের গুলিগুলো রায়হান তার কাছে রেখেছিলেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। ছবি: পুলিশের সৌজন্যে

এরপর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুয়াবিল ইউনিয়নের বেতুয়ারকুল বড় বিল এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে রায়হানের সহযোগী মহররম আলীকে গ্রেপ্তার করা হয়। তার দেখানো মতে উদ্ধার করা হয় রায়হানের নিজের ব্যবহৃত ইতালির তৈরি ৭ দশমিক ৬৫ এমএমের একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে মহররম আলী জানান, ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত রায়হান তার বাড়িতে অবস্থান করেছিলেন। পরে অন্যত্র চলে যাওয়ার সময় নিজের ব্যবহৃত পিস্তল ও গুলি তার কাছে রেখে যান। 

এ ছাড়া কাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে রায়হান ও এজাহার মিয়ার আরেক সহযোগী জনার্ধন দে কে গ্রেপ্তার করা হয়। তার কাছে আরও একটি পিস্তল থাকার তথ্য পেলেও সেটি অন্যত্র সরিয়ে নেওয়ায় উদ্ধার করা সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালানো পুলিশের জন্য চ্যালেঞ্জিং ছিল। জনবসতিহীন ও দুর্গম পাহাড়ি এলাকায় তারা নির্বিঘ্নে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। ঝুঁকি নিয়েও পুলিশ সদস্যরা সাহসিকতা ও পেশাদারত্বের সঙ্গে অভিযান পরিচালনা করেছেন।

পুলিশ সুপার আরও বলেন, রায়হানসহ যেসব সন্ত্রাসী এখনো গ্রেপ্তার হননি, তারা পুলিশের নজরদারির বাইরে নন। তারা যেখানেই থাকুন, তাদের আইনের আওতায় আনা হবে। অপরাধী যতবড় সন্ত্রাসীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

ইত্তেফাক/আরএইচ