নিজের নামের ট্রেডমার্ক করাচ্ছেন হকিং

 
বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তার নামের ট্রেডমার্ক করে রাখছেন। এর ফলে কোন বাণিজ্যিক উদ্দেশ্যে তার নাম ব্যবহার করতে তার পূর্বানুমতি নিতে হবে। মোটর নিউরন রোগে আক্রান্ত ৭৩ বছর বয়সী এই বিজ্ঞানী নিজের নাম ব্র্যান্ড হিসেবে তালিকাভুক্ত করতে ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিসে আবেদন করেছেন। খবর- টাইমস অব ইন্ডিয়ার
এর আগে হ্যারি পটার খ্যাত সাহিত্যিক জেকে রাউলিং ও তারকা ফুটবলার ডেভিড বেকহাম ট্রেডমার্ক করিয়ে নিজেদের নামকে ব্র্যান্ডে পরিণত করেছিলেন।
সম্প্রতি 'থিওরি অব এভরিথিং' ছবিটি অস্কার জয় করার পর হকিং এর খ্যাতি আরো একধাপ ওপরে উঠেছে। আর তার নাম ব্যবহার করে যেন কোন ব্যবসায়িক উদ্দেশ্য হাসিল করতে কেউ না পারে সে কারণেই এই পদক্ষেপ নিলেন তিনি।
নাম পেটেন্ট করা প্রসঙ্গে তার কর্মস্থল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র বলেছেন, 'নামের ট্রেড মার্ক বানানো হকিংয়ের ব্যক্তিগত বিষয়। এতে বিশ্ববিদ্যালয়ের কোনো বিষয় জড়িত নেই'।
উল্লেখ্য, এর আগে ব্রিটিশ পদার্থ বিজ্ঞানী ব্রায়ান কক্স নিজের নামের ট্রেডমার্ক করিয়েছিলেন।