মাটিরাঙ্গায় ইউপিডিএফের গুলিতে ব্যবসায়ীর মৃত্যু

খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা হরতাল চলছে


খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পার্বত্য চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সন্ত্রাসীদের গুলিতে কাঠ ব্যবসায়ি মো: আবুল হোসেন (৩৫) নিহত হওয়ার প্রতিবাদে আজ সোমবার খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যা হরতাল চলছে। পার্বত্য নাগরিক পরিষদ ও পাবর্ত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এ হরতাল ডেকেছে।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ হরতালের কর্মসচি ঘোষণা করেন পাবর্ত্য ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা, কেন্দ্রিয় উপদেষ্টামন্ডলীর সভাপতি ও পাবর্ত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়র আলহাজ্জ আলকাছ আল মামুন ভুইয়া ও পাবর্ত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রিয় আহবায়ক শেখ আহম্মদ রাজু।
বিবৃতিতে ব্যবসায়ী আবুল হোসেনের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও তার পরিবারকে ক্ষতিপূরন, গোমতিতে সেনা ক্যাম্প স্থাপন এবং সরকারের নেয়া সিদ্ধান্ত অনুযায়ী পাবর্ত্য এলাকায় বিশেষ অপারেশন পরিচালনা করে পাহাড়ি সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু করার দাবী জানানো হয়। চাঁদা না দেয়ায় গত বৃহষ্পতিবার  সকালে দুজন শ্রমিককে নিয়ে উপজেলার দুর্গম গোমতি এলাকায় কাঠ আনতে গেলে চাঁদার টাকা নিয়ে ইউপিডিএফর পাঁচ সশস্ত্র সন্ত্রাসীর সাথে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইউপিডিএফের স্থানীয় চাঁদা কালেক্টর বিদ্যুত ক্ষিপ্ত হয়ে আবুল হোসেনকে লক্ষ করে দুই রাউন্ড গুলি করে। এতে সাথে সাথে আবুল হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত মো: আবুল হোসেনকে বড়নাল বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। পরে বিজিবি‘র অ্যাম্বুলেন্সে করে তাকে মাটিরাঙ্গা উপজেলা হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন মারা যান। তিনি মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নের করিম মাষ্টারপাড়া এলাকার মৃত মো: আবদুল আজিজ এর পুত্র।
এদিকে  কাঠ ব্যবসায়ি আবুল হোসেনের হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেফতারের দাবীতে মাটিরাঙ্গায় প্রতিবাদ সমাবেশ করেছে পৌর আওয়ামীলীগ। দলীয় কার্যালয় হতে প্রতিবাদ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তবলছড়ি চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামীলীগের সভাপতি এমএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সমাবেশে পৌর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর আলা উদ্দিন লিটন, উপজেলা স্বেচ্চাসেবকলীগের সভাপতি এমরান হোসেন,উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো: আলী, মটরযান শ্রমিকলীগের সভাপতি হাফেজ পাটোয়ারী বক্তব্য রাখেন। আবুল হোসেনর খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান বক্তারা।