নোয়াখালীতে তিনদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

‘আলোকচিত্রে মুক্তি’ স্লোগানকে সামনে রেখে এক ঝাঁক তরুণের উদ্যোগে  শনিবার থেকে জেলা শহরের বিআরডিবি ট্রেনিং সেন্টারে তিনদিন ব্যাপী আয়না বাংলার আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। সোমবার এ প্রদর্শনীর শেষ দিন।
আলোকচিত্র শিল্পী অয়ন আহমেদ, তানভীর রোহান, সুনতানা রাজিয়া, রিয়াদ আবেদীন, আসলাম হোসেন, পিকলু, মাসুক আহমেদসহ দেশের বিভিন্ন জেলার ৭১ জন আলোকচিত্রীর ছবি প্রদর্শিত হচ্ছে। 
আলোকচিত্রে প্রকৃতি, জীব বৈচিত্র্য, জীবন-জীবিকা, নদী ভাঙন, খেলাধূলাসহ বিভিন্ন শৈল্পিক বৈচিত্র্য স্থান পায়। 
এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার ইলিয়াছ শরীফ। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মুহাম্মদ রফিক উল্যাহ, নোয়াখালী প্রেসক্লাব সভাপতি আলমগীর ইউসুফ, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রুদ্র ও খ্যাতনামা আলোকচিত্র শিল্পী জিয়া উদ্দিন। সাংবাদিক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় প্রদর্শনীর প্রধান সম্বনয়কারী সজীব সৌরভ চন্দ বক্তব্য রাখেন। 
প্রদর্শনীর প্রথম দিনে শিশু কিশোর তরুণ-তরুণী ও সব বয়সের নারী পুরুষের ভীড় দেখা যায়।