মোল্লাহাটে অধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

গোপালগঞ্জের সীমান্তবর্তী বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। রবিবার রাতে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সিংগাতী ও মৌপুরা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মারাত্মক আহতদের মধ্যে রেজাউল চৌধুরী, ইস্রাইল চৌধুরী, ওসিকার চৌধুরী, মো. আলিম মোল্লা, সাকায়েত মোল্লাসহ ৪০ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের খুলনা মেডিকেল কলেজ ও মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহতরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সিংগাতী গ্রামের বাশি চৌধুরী ও মৌপুরা গ্রামের এনায়েত চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।  রবিবার মৌপুরা গ্রামে বাসন্তী পূজা উপলক্ষ্যে মেলা বসে। সন্ধ্যায় সিংগাতী গ্রামের কয়েকজন যুবক মেলা দেখতে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ এনায়েত চৌধুরীর লোকজন তাদেরকে মারধর করে। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়।
পরে খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা খায়রুল আলম ফাঁকা গুলি বর্ষণের কথা স্বীকার করে বলেন, পরিস্থিতি এখন শান্ত। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।