রক্তে কোলেস্টেরল কেন বাড়ে

কোলেস্টেরল এক ধরনের চর্বি জাতীয় তৈলাক্ত স্টেরয়েড যা কোষের ঝিল্লি বা সেল মেমব্রেন এ পাওয়া যায় এবং এটি আমাদের রক্তে পরিবাহিত হয়। মানুষের শরীরে সাধারণত ২ ধরনের কোলেস্টেরল লক্ষ্য করা যায়। এইচ ডি এল বা উপকারী কোলেস্টেরল এবং এল ডি এল বা অপকারী কোলেস্টেরল। রক্তে যখন কোন কারণে এল ডি এল এর মাত্রা নির্দিষ্ট মাপ থেকে বাড়ে তখন একে রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়া বা ডাক্তারি ভাষায় “হাইপার কোলেস্টেরলেমিয়া” বলা হয়। রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়ার প্রধান কারণ হলো খাদ্যাভ্যাস ও অনিয়ন্ত্রিত জীবন যাপন।

এছাড়া ধূমপান, মদ্যপান, জর্দা সেবন, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ইত্যাদি রক্তে এইচ ডি এল বা উপকারী কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, লিভারের সমস্যাসহ নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে।

কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে হলে প্রথমেই খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। শাক-সবজি ও মাছ বেশি করে খেতে হবে। লাল মাংস, অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাদ্য, ধূমপান, মদ্যপান ত্যাগ করতে হবে। ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে তা নিয়ন্ত্রণে রাখতে হবে। সয়াবিন তেলের পরিবর্তে অলিভওয়েল বা ধানের কুড়া থেকে যে তেল পাওয়া যায় তা খাওয়া ভালো।

এছাড়া কোলেস্টেরল কমানোর জন্য ওষুধ পাওয়া যায়। প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। নিয়ন্ত্রিত, দুশ্চিন্তামুক্ত জীবন যাপন ও সঠিক খাদ্যাভ্যাস দ্বারা কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা সম্ভব।

লেখক: ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ