আইফোনের পরবর্তী মডেলের ছবি ফাঁস হয়ে গেছে বলে দাবি করেছে 'নাইন টু ফাইভ ম্যাক' ম্যাক নামের একটি ব্লগ। ব্লগটিতে পোস্ট করা ছবিতে প্লাস্টিক দিয়ে তৈরি লাল রঙের একটি ফোনের পেছনের অংশ দেখা যাচ্ছে। ব্লগটিতে দাবি করা হয়েছে এটিই আইফোনের পরবর্তী সংস্করণ আইফোন ৬সি।
গত বছর ১৯ সেপ্টেম্বর আইফোনের সর্বশেষ মডেল আইফোন ৬ ও ৬ প্লাস বাজারে ছাড়ার পর থেকেই গুঞ্জন ছিল আইফোনের পরবর্তী মডেল হতে পারে আইফোন ৬সি।অপরদিকে অ্যাপলের পণ্য সম্পর্কে পূর্বাভাস দেয় তাইওয়ানের এমন একটি ব্লগ থেকে দাবি করা হয়েছে আগামী সেপ্টেম্বর মাসে অ্যাপল নতুন তিনটি মডেলের আইফোন বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। এগুলো হবে আইফোন ৬এস, আইফোন ৬এস প্লাস ও আইফোন ৬সি।
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা অপেক্ষাকৃত কম দামে ছাড়া হতে পারে পরবর্তী আইফোন ৬সি। তবে ফাঁস হওয়া ছবিগুলো ভুয়া হতে পারে বলেও আশঙ্কা করছে প্রযুক্তি বিশ্লেষকরা। আগামী সেপ্টেম্বরে অ্যাপল আইফোনের পরবর্তী সংস্করণ বাজারে ছাড়বে। ফলে ছবিগুলো ভুয়া না হলেও চূড়ান্ত মডেলে অনেককিছুই পরিবর্তনের সুযোগ থাকছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া