মাল্টিমিডিয়া কনটেন্টের বহুল ব্যবহারের কারণে স্টোরেজ নির্মাতাদেরও সবসময়ই চিন্তা করতে হচ্ছে কী করে আরও বেশি পরিমাণ স্টোরেজ প্রদান করা যায় গ্রাহকদের। স্টোরেজে আবার প্রচলিত হার্ডডিস্কের চাইতে সলিড স্টেট ড্রাইভকেই (এসএসডি) বেশি নির্ভরযোগ্য বলা হয়। গতির দিক থেকে এসএসডি সাধারণ হার্ডডিস্কের চেয়ে এগিয়ে থাকলেও স্টোরেজের পরিমাণে খানিকটা পিছিয়েই রয়েছে। সেই ঘাটতি পূরণ করতে এবারে চিপ নির্মাতা ইন্টেল ও মাইক্রনের যৌথ গবেষণায় উদ্ভাবিত হয়েছে নতুন প্রযুক্তি। এই প্রযুক্তির কল্যাণে মাত্র আড়াই ইঞ্চি আকৃতির কোনো এসএসডি স্টোরেজ ডিভাইসেই ১০ টেরাবাইট পর্যন্ত স্টোরেজের স্থান সংকুলান করা সম্ভব হবে। আর এখনকার সাধারণ পেনড্রাইভের আকৃতিতেই সংযোজন করা যাবে ৩.৫ টেরাবাইট স্টোরেজ! হ্যাঁ, এমনটিই জানিয়েছে ইন্টেল ও মাইক্রন। এর জন্য তারা মূলত ন্যান্ড (NAND) ফ্ল্যাশ মেমোরিতে নিয়ে এসেছে নতুন প্রযুক্তি। ‘থ্রিডি ন্যান্ড’ নামের এই প্রযুক্তিতে মূলত ন্যান্ড ফ্ল্যাশ মেমোরির ঘনত্ব বাড়ানো হয়েছে। মেমোরি সেলগুলোকে উলম্বিকভাবে সাজানোর ফলেই এই ঘনত্ব বেড়েছে। ইন্টেল-মাইক্রনের গবেষকরা আবার এতে একটি ফ্লোটিং গেট সংযোজন করতে সক্ষম হয়েছেন, যা এই প্রথমবার সংযোজন করা সম্ভব হয়েছে ন্যান্ড মেমোরিতে। এতে করেই সমপরিমাণ জায়গার মধ্যে আগের তুলনায় আরও অনেক বেশি স্টোরেজের স্থান সংকুলান করা গেছে। ইন্টেল ও মাইক্রন জানিয়েছে, এরই মধ্যে এই প্রযুক্তি ব্যবহার করে ২৫৬ জিবি ও ৩৮৪ জিবি আকারে এসএসডি স্টোরেজ ডিভাইস উত্পাদন শুরু হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ টেরাবাইট আকারের এসএসডি স্টোরেজ ডিভাইস উত্পাদনও শুরু করবে তারা।