ডঙ্গল আকৃতির পূর্ণাঙ্গ পিসি ‘ক্রোমবিট’ আনছে গুগল

ইন্টারনেটের সংযোগের জন্য নানা ধরনের ডঙ্গলের সাথে এখন সকলেই পরিচিত। মডেমের পাশাপাশি সাধারণ পেনড্রাইভের চাইতে একটু বড় আকৃতির ডঙ্গল অনেকেই ব্যবহার করে থাকেন। তবে এবারে এই ডঙ্গলের আকৃতিতেই আস্ত একটি কম্পিউটার তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে গুগল। শুধু তাই নয়, চলতি বছরেই তারা বাজারে নিয়ে আসবে এই পিসি যা দামেও হবে সাশ্রয়ী। ‘ক্রোমবিট’ নামের এই পিসিকে গুগল বলছে ‘পিসি-অন-আ-স্টিক’। গুগলের নিজস্ব ক্রোম ওএস বা ক্রোম অপারেটিং সিস্টেমে পরিচালিত হবে এই পিসি। এই ডঙ্গলকে যেকোনো ডিসপ্লে ডিভাইসের এইচডিএমআই পোর্টের মাধ্যমে সংযুক্ত করলেই ওই ডিসপ্লে ডিভাইসটি পরিণত হয়ে যাবে ক্রোমওএস নির্ভর কম্পিউটারে। ক্ষুদ্রাকৃতির হলেও ক্রোমবিটে থাকছে একটি প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট স্টোরে। এ ছাড়া ডঙ্গলের ইউএসবি পোর্ট তো রয়েছেই। ওয়াই-ফাই এবং ব্লুটুথের মতো সংযোগ প্রযুক্তিও ব্যবহার করা যাবে ক্রোমবিটে। ফলে টিভি বা মনিটরের সাথে একে যুক্ত করে দিয়ে ব্লুটুথ বা ইউএসবি পোর্টের মাধ্যমে একটি কিবোর্ড সংযুক্ত করে নিলেই এটি পরিণত হবে পূর্ণাঙ্গ পিসিতে। গুগলের হয়ে ক্রোমবিটগুলো প্রাথমিকভাবে তৈরি করবে আসুস। এগুলোর দাম ১০০ ডলারেরও কম হবে বলে জানিয়েছে গুগল। মূলত শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই এগুলো তৈরি করছে গুগল। তবে ব্যবসায়িক কাজের জন্যও এটি কার্যকরী হবে বলে জানিয়েছে তারা।