ইত্তেফাক রিপোর্ট
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত ২২টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এবং ১৯টি এনজিওর সমন্বয়ে মোট ৪১টি সংস্থা যৌথভাবে ২০ হাজার পর্যবেক্ষক মনোনীত করেছে। একইসঙ্গে ভারত, নেপাল, ভূটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের আগ্রহী পর্যবেক্ষকদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত তাদের তালিকা ইসিতে পাঠানো হবে। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মাওলানা আবেদ আলী। নির্বাচনের দিন ভোটারদের প্রতি সহযোগিতামূলক আচরণ, দায়িত্বরত কর্মকর্তা ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য ইসিকে কঠোর থাকার আহ্বান জানান তিনি।