সপ্তাহব্যাপী ‘বাংলাদেশ পথনাটক উত্সব’ শুরু হয়েছে গতকাল। ‘নব সৃজনের শিল্প মাটি, দেয় শক্তি আনে মুক্তি’—শ্লোগানে সপ্তাহব্যাপী এই আয়োজন চলবে কেন্দ্রীয় শহীদ মিনারে। ১৮তম বার্ষিক এই আসরের আয়োজক বাংলাদেশ পথনাটক পরিষদ। ৪৯টি নতুন নাটক নিয়ে এবারের আয়োজনে অংশ নিয়েছে ঢাকা ও ঢাকার বাইরের ৪৯টি নাট্যদল। গতকাল বিকেল ৫টায় উত্সব উদ্বোধন করেন নাট্যজন আসাদুজ্জামান নূর। অতিথি হিসেবে ছিলেন নাসির উদ্দিন ইউসুফ, ম. হামিদ, গোলাম কুদ্দুছ, লাকী ইনাম, মলয় ভৌমিক ও আহকাম উল্লাহ। সভাপতিত্ব করেন মান্নান হীরা। এবারের আয়োজন সম্পর্কে বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহম্মেদ গিয়াস জানান, এবারই প্রথম সম্পূর্ণ নতুন নাটক নিয়ে উত্সব আয়োজন করা হচ্ছে। এর আগে এতগুলো নতুন নাটক নিয়ে কোনো পথনাটক উত্সব আয়োজন হয়নি। তিনি আরো জানান, উত্সব উপলক্ষে নাট্য সংগঠনগুলো যাতে নতুন নাটক প্রযোজনা করে সেজন্য তাদের পথনাটক পরিষদ থেকে প্রণোদনাও দেওয়া হয়েছে। ১০ হাজার টাকা করে প্রণোদনা পেয়েছে পথনাটক পরিষদভুক্ত ৪৫টির মতো সংগঠন। পথনাটকের জন্য এতগুলো সংগঠনকে প্রণোদনা দেওয়ার বিষয়টিও এবারই প্রথম। পথনাটক পরিষদ কিছুদিন আগে আবাসিক নাট্যকার কর্মশালার আয়োজন করেছিল। সেই কর্মশালায় অংশ নেওয়া ১৫ জন নাট্যকারের নতুন নাটকও এবারের উত্সবে মঞ্চস্থ হবে।