যুক্তরাষ্ট্র সফররত আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, নাশকতা ও পেট্রলবোমা হামলাকারীদের সঙ্গে সংলাপের অর্থ হচ্ছে সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়া। তাই সন্ত্রাসের মদদদাতা খালেদা জিয়ার সঙ্গে সংলাপের কোন প্রশ্নই ওঠে না। তিনি বলেন, প্রকৃত সত্য হচ্ছে, বাংলাদেশের অস্তিত্বে যারা বিশ্বাসী নয় তাদের পক্ষে মাঠে নেমেছেন বেগম জিয়া।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন আমির হোসেন আমু।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেনসহ দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ প্রবাসীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আমির হোসেন আমু বলেন, হরতাল-অবরোধ করে খালেদা জিয়া সরকারের বিরোধিতা করছেন না। তিনি বিরোধিতা করছেন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হতে চলেছে এটি সহ্য হচ্ছে না খালেদা জিয়ার।
তিনি বলেন, প্রকৃত সত্য হচ্ছে, বাংলাদেশের অস্তিত্বে যারা বিশ্বাসী নয় তাদের পক্ষে মাঠে নেমেছেন বেগম জিয়া।
বর্ষীয়ান রাজনীতিবিদ আমু বলেন, ভয়-ভীতি আর সন্ত্রাসের মধ্য দিয়ে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় যেতে চেয়েছিল। কিন্তু একাত্তরের চেতনায় উজ্জীবিত বাঙালিরা সে ধরনের মতলববাজীর রাজনীতিকে ঠাঁই দেননি। তবে ষড়যন্ত্র থেমে নেই এবং দেশ-বিদেশে বসে অনেকেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে তিনি এসব ষড়যন্ত্র সম্পর্কে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, সকল ধরনের বিভেদ পরিহার করে ঐক্যবদ্ধ থাকতে হবে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, মহিলা বিষয়ক সম্পাদক শিরীন আক্তার দীবা, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকন, যুবলীগ নেতা মিসবাহ আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সাখাওয়াত বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমর হোসেন আমুকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।