বেড়ায় হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের দক্ষিণ চর পেঁচাকোলা গ্রামে অসময়ে যমুনার ভাঙনে বাড়িঘর, প্রাথমিক বিদ্যালয়সহ বহু স্থাপনা হুমকিতে পড়েছে। চার-পাঁচদিন আগে হঠাত্ যমুনার ভাঙনের কবলে পড়ে গ্রামটি। এলাকাবাসী জানায়, ইতোপূর্বেও বহুবার এই গ্রাম ভাঙনের শিকার হয়েছে। বারবার ভাঙনের শিকার হয়ে গ্রামের অর্ধেক যমুনার গর্ভে বিলীন হয়ে গেছে। গ্রামের বিপরীতে জেগেছে চর। বিশেষ করে দক্ষিণ চরপেঁচাকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কয়েক বছর আগে ভাঙনের শিকার হয়ে নদীগর্ভে বিলীন হয়ে যায়। তারপর নতুন করে টিন দিয়ে বিদ্যালয়টি পুনরায় নির্মাণ করা হয়। কিন্তু নতুন করে ভাঙন শুরু হওয়ায় যমুনা এখন স্কুলটি থেকে মাত্র ৫০ গজ দূরে রয়েছে। এতে পুনরায় স্কুলটি ভাঙনের হুমকিতে রয়েছে। এছাড়াও বহু বাড়িঘর ও স্থাপনা ভাঙনের হুমকিতে রয়েছে।
হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, দক্ষিণ চর পেঁচাকোলা গ্রামে ভাঙন শুরু হয়েছে বলে জানতে পেরেছি। খুব দ্রুত যাতে ব্যবস্থা গ্রহণ করা যায় সে চেষ্টা করছি। এ বিষয়ে বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হামিদ ইত্তেফাককে জানান, বেড়ার ভাঙনকবলিত এলাকাগুলোতে স্থায়ী ব্যবস্থা নিতে চার কোটি টাকার একটি প্রকল্প বরাদ্দ দেয়া হয়েছে। যে এলাকাগুলো খুব বেশি ভাঙনকবলিত সেসব এলাকায় স্থায়ী ব্যবস্থা নেয়া হবে। বর্ষার আগেই যাতে এই কাজ শেষ হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।