তারেক রহমানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত :নাসিম

আচরণবিধি লঙ্ঘনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কারণ নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘন করে কেউ যদি কোনো বক্তব্য দেয়, আচরণবিধি লঙ্ঘন করে, তাহলে সে যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। গতকাল সোমবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিজিটাল চিকিত্সা সেবা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, জাতীয় ঐক্যফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দল সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে এসেছে এটা স্বস্তির খবর, ভালো খবর। আশা করি, তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে এবং জনগণের রায় মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুুষ্ঠু নিরপেক্ষ হবে জানিয়ে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এটা নিশ্চিত। কারচুপির কোনো প্রশ্নই ওঠে না। নির্বাচন কমিশনওতো বলেছে নির্বাচন সুষ্ঠু হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করার কথা বলে যারা খুনিদের সঙ্গে হাত মিলিয়েছেন তারা   রাজনৈতিকভাবে ভণ্ড উল্লেখ করে নাসিম বলেন, যারা এতদিন বঙ্গবন্ধুর কথা বলে মুজিব কোট পড়ে এখন ধানের শীষে যোগ দিয়েছে তারা ভণ্ড ও প্রতারক। আগামী ৩০ ডিসেম্বর তাদের বিরুদ্ধে জনগণ রায় দিয়ে বিচার করে দিবে। শুধু ভোটের জন্য খুনিদের সঙ্গে হাত মিলিয়েছে এই সকল প্রতারকের দল।

মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সব দল নির্বাচনে আসায় দেশে ভোটের উত্সবের পরিবেশ সৃষ্টি হয়েছে। মানুষ বিপুল উত্সাহ উদ্দীপনা নিয়ে নির্বাচনমুখী হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা রাখতে জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ীয় করবে।

সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীদের জন্য অত্যাধুনিক রেজিস্ট্রেশন বুথ ও অটোমেশন পদ্ধতি উদ্বোধনের সময়ে সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ বিএম মাকসুদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।