নওগাঁর রাণীনগর উপজেলার শেষ প্রান্তে অবস্থিত অবহেলিত পারইল ইউনিয়নের শিক্ষার্থীরা অনেক কিছু থেকেই বঞ্চিত। এই ইউনিয়নে শিশুদের শিক্ষা গ্রহণের একমাত্র প্রাথমিক বিদ্যালয় খাস-পারইল প্রাথমিক বিদ্যালয়টি পূর্বে বেসরকারি থাকলেও পরবর্তিতে তা জাতীয়করণ করা হয়। অবশেষে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি শহীদ মিনার পেতে যাচ্ছে। আগে এই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতীকী শহীদ মিনারে বিভিন্ন জাতীয় দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতো। উপজেলা পরিষদের অর্থায়নে শহীদ মিনার নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার শহীদ মিনারের নির্মাণ কাজের উদ্বোধন করেন খাস-পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির শ্রেষ্ঠ সভাপতি আনছার আলী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পারইল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি ডা: দুলাল হোসেন, আওয়ামী লীগ নেতা হেলাল হোসেন, শাহাজাহান আলী, খাস-পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক শেফালী বেগম, সহকারী শিক্ষক আঃ গফুর, রজিবর রহমান প্রমুখ।