সৈয়দপুরে ঠিকাদার হত্যাকাণ্ডে জড়িত পাঁচ কলেজ ছাত্র গ্রেপ্তার

সৈয়দপুর-পার্বতীপুর সড়কে দৃষ্টিনন্দন ছাত্রাবাসে ঠিকাদার আব্দুল জলিলকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় পাঁচ কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ। বৃহস্পতিবার নীলফামারী জেলা শহরের চৌরাঙ্গী মোড় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এরা হলো আল রিয়াদ চৌধুরী, অমৃত সরকার, মিনহাজুল ইসলাম, আরমান হোসেন হাসু ও সাখাওয়াত হোসেন। এরা সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র।

অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নীলফামারীর সহকারী পুলিশ সুপার এসএম রমজান হোসেন জানান, প্রকৃতপক্ষে ওই ছাত্রাবাসের ছাত্ররাই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছি আর বাকি ছয়জন পলাতক রয়েছে।

২০১১ সালের ১৭ এপ্রিল গাইবান্ধা শহরের মমিনপাড়ার ঠিকাদার আব্দুল জলিল চারতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ছাত্রাবাসে তার এক পরিচিত ব্যক্তিকে খুঁজতে যায়। এ সময় প্রথম ও দ্বিতীয় তলায় কলেজে অবস্থানরত ছাত্ররা তাকে চোর সন্দেহে পিটিয়ে জখম করে। পরে সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালে নেওয়ার পর ঠিকাদার আব্দুল জলিল মারা যান।