গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে গতকাল শুক্রবার বিভিন্ন স্থানে প্রথমবারের মতো ‘ভোটার হবো, ভোট দিবো’— শ্লোগানে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা নির্বাচন অফিস ও জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
কুমিল্লা :সকাল ১০টার দিকে নগরীর ছোটরা এলাকায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারের সভাপতিত্বে ওই কার্যালয়ের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় ভোটার অন্তর্ভুক্তি কার্যক্রম প্রদর্শন করা হয়। এর আগে কুমিল্লা টাউন হল থেকে একটি র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সুনামগঞ্জ: সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে আলাচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ বরকত উল্লাহ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হারুনুর-অর-রশিদ, অতিরিক্ত জেলা মো. শফিউল আলম, প্রদীপ সিংহ, মোহাম্মদ শরীফুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা প্রমুখ। সভায় জেলা প্রশাসন, নির্বাচন অফিস ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার: একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: রুকন উদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসকের কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য মো: নেছার আহমদ। বক্তব্য রাখেন— জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহেদ, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মন্জুর আলম প্রমুখ।
লোহাগাড়া (চট্টগ্রাম): সকালে উপজেলা পরিষদ এলাকা থেকে র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী মো: ইসমাইল মানিক। উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু তাহেরের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানবীরুল হক, আলহাজ মোস্তফিজুর রহমান কলেজের সহযোগী অধ্যাপক এবং উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ ও মানবাধিকার কর্মী অধ্যাপক হামিদুর রহমান।
পটিয়া (চট্টগ্রাম):সকালে একটি র্যালি উপজেলা সদর প্রদিক্ষণ করে। পরে আলোচনা সভায় উপজেলা হলরুমে নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু ছাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হাসান। তথ্য কর্মকর্তা কামরুজ্জমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা লুত্ফর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাঈনুদ্দিন মজুমদার, উপজেলা প্রকৌশলী বিশ্বজিত্ দত্ত, সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ, পটিয়া প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ, সাংবাদিক আবদুল রাজ্জাক, আবদুল হাকিম রানা, এটিএম তোহা, গোলাম কাদের, তাপস দে আকাশ প্রমুখ।
জগন্নাথপুর (সুনামগঞ্জ): উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে সকাল ১০টায় ইউএনও মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন অফিসার মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউএনও মাহফুজুল আলম মাসুম, শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান প্রমুখ।
রামগঞ্জ (লক্ষ্মীপুর): সকালে রামগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে উপজেলার পার্শ্ববর্তী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকম রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রিজাউল করিম, নির্বাচন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
তিতাস (কুমিল্লা):উপজেলা নির্বাচন অফিসার মো. আল-আলামিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও গৌরীপুর-হোমনা সড়কে বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. রাশেদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক কর্মকর্তা আনোয়ারা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মহসীন ভুঁইয়া, ওসি (তদন্ত) মঞ্জুর কাদের ভুঁইয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, নাজমুল হক, ডাঃ আবু জাফর, অধ্যক্ষ আব্দুর রউফ, প্রধান শিক্ষক রেজাউল হক প্রমুখ।