সীতাকুণ্ডে ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা উপলক্ষে ৪ দিনব্যাপী বিশ্ব বৈদিক সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে স্রাইন কমিটি সংবাদ সম্মেলন করেছে। গতকাল শুক্রবার দুপুর ১২টায় স্থানীয় সুপার মার্কেটের ৩য় তলায় সীতাকুণ্ড প্রেসক্লাবে স্রাইন কমিটির সেক্রেটারি অ্যাডভোকেট চন্দন দাশ লিখিত বক্তব্যে বলেন, আগামী ৩ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত চার দিনব্যাপী শিব চতুর্দশী মেলা উপলক্ষে এ বিশ্ব বৈদিক সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকাল ৫টা থেকে শুরু হবে চন্দ্রনাথ ধামের মহন্ত আস্তানায় বৈদিক সম্মেলন ও সেমিনার। এতে সাধক-সন্ন্যাসী, পুণ্যার্থী, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্রাইন কমিটির সভাপতি সাধনময় ভট্টাচার্য, সহ-সভাপতি সুখময় ভট্টাচার্য, বিশ্ব বৈদিক সম্মেলন উদযাপন পরিষদের চেয়ারম্যান প্রদীপ ভট্টাচার্য, বিশ্ব বৈদিক সম্মেলন উদযাপন পরিষদের সদস্য সচিব রত্নেন্দু ভট্টাচার্য প্রমুখ।
লিখিত বক্তব্যে চন্দন দাশ আরো বলেন, ২নং পুল হতে পাহাড়ের চূঁড়ায় চন্দ্রনাথ মন্দির পর্যন্ত উন্নয়ন কাজ করা হয়েছে। মেলা উপলক্ষে চন্দ্রনাথ মন্দিরের পাশে ৪টি টয়লেট, দুটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। তাছাড়া, রাস্তা সংস্কার, পানির ব্যবস্থা, ৬টি স্বাস্থ্য সেবা কেন্দ্র ও সার্বক্ষণিক বিদ্যুত্ থাকবে। পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পাশাপাশি স্রাইন কমিটির পক্ষ থেকে ৩০০ সেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে।