ইয়েমেন থেকে ১০ জনেরও বেশি বাংলাদেশি শনিবার সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেছে। তারা গোলযোগপূর্ণ ইয়েমেনে আটকা পড়েছিলেন।
এর আগে বিকালে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের জানান, ইয়েমেনে আটকা পড়া ১০ জন বাংলাদেশি দুবাই ফ্লাইটে (এফজেড-৫৮৫) সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে জিবুতি বিমানবন্দর থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে।
তিনি আরো জানান, গত ২৬ মার্চ ইয়েমেনে গোলযোগ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৩৬০ জনের বেশি বাংলাদেশি মধ্যপ্রাচ্যের এই দেশটি থেকে জিবুতিতে সরিয়ে আনা হয়েছে। এদের মধ্যে ৩৪০ জনকে ভারতের নৌ-বাহিনীর জাহাজ এবং এয়ার ইন্ডিয়া ফ্লাইটে করে ২০ জনকে উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার অভিযান শুরুর পর ১১ জন বাংলাদেশি গতকাল জিবুতিতে এসে আশ্রয় নেয়। তিনি বলেন, গতকাল ভারতীয় একটি নৌবাহিনীর জাহাজে করে মোট ২৭২ জন বাংলাদেশী ইয়েমেনের হোদেইদা থেকে জিবুতিতে এসে পৌঁছে। এদের মধ্যে ২৬১ জন পুরুষ, ৫ জন মহিলা এবং ৫ জন শিশু।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব আরো বলেন, ইয়েমেনে যুদ্ধ শুরু হবার পর থেকে সেদেশে আটকা পড়া বাংলাদেশিদেরকে নিরাপদে সরিয়ে আনতে তার মন্ত্রণালয় ও সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।