২০২০ সালের মধ্যে দেশের ডাবল রেললাইনের কাজ সম্পন্ন হবে ---------রেলমন্ত্রী

২০২০ সালের অক্টোবরের মধ্যে প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয়ে দেশের ডাবল রেললাইনের কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, দেশের প্রতিটি অঞ্চলের রেললাইনের মিটার গেজ এবং ব্রডগেজ এর কাজ ইতোমধ্যেই অনেকাংশেই অগ্রগতি হয়েছে। তা ছাড়া স্বাধীনতার পূর্ববর্তী সময়ে ১৯৬৫ সালে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে দেশের ৮টি পয়েন্ট দিয়ে রেল ব্যবস্থার যে সম্পর্ক ছিল তা পুনরায় চালু করা হবে। শুধু তাই নয়, ভারতের সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা চালু হলে কসবা থেকে সরাসরি ট্রেনযোগে ভারতের যে কোনো জায়গায় যাতে যাওয়া যায় সে ব্যবস্থা আমাদের সরকার করছে। শুক্রবার আখাউড়া-লাকসাম ডাবল লাইন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনকালে কসবা রেল স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রেলকে আমাদের সরকার আবার পুনর্জীবিত করতে চায়। যে দেশ যত বেশি উন্নত সে দেশের রেল ব্যবস্থাও তেমন উন্নত। আমরা বর্তমানে উন্নত দেশের স্বপ্ন দেখছি। প্রধানমন্ত্রী আমাদের সেদিকে নিয়ে যাচ্ছেন। এ সময় মন্ত্রীর সফরসঙ্গী ছিলেন রেলওয়ে মহাপরিচালক মো. রফিকুল আলম ও রেল বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কসবায় রেলমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. হায়াত-উদ-দৌলা খান, কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আনিসুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী প্রমুখ।