জনপ্রিয় পপতারকা মাইকেল জ্যাকসনকে ঘিরে বিতর্ক নতুন কিছু নয়। এবার প্রয়াত এই তারকার বিরুদ্ধে দুই ব্যক্তি শিশু বয়সে যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ করেছেন। ওই দুই ব্যক্তি হলেন ওয়েড রবসন (৩৬) এবং জেমস সেফচাক (৪০)।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে তারা বলেন, সাত ও ১০ বছর বয়স থেকে মাইকেল জ্যাকসন তাদের শতাধিকবার যৌন নিপীড়ন করেছেন। মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ নতুন নয়, যা নিয়ে সম্প্রতি ‘লিভিং নেভারল্যান্ড’ নামে একটি তথ্যচিত্র তৈরি করা হয়েছে। ওই তথ্যচিত্রে এক সময় দুনিয়া মাতানো এই শিল্পীকে ‘শিশু যৌন নিপীড়নকারী’ হিসেবে দেখানো হয়েছে। আগামী সপ্তাহে তথ্যচিত্রটির প্রথম প্রদর্শনী হওয়ার কথা রয়েছে। এদিকে, মাইকেল পরিবার শুরু থেকে ওই তথ্যচিত্র ‘কুরুচিপূর্ণ’ এবং এই তারকার নাম ব্যবহার করে জনপ্রিয়তা পাওয়ার ‘অপচেষ্টা’ বলে বর্ণনা করেছে। ওই তথ্যচিত্রে রবসন এবং সেফচাকের সাক্ষাত্কার নেওয়া হয়েছে। রবসন বলেন, মাইকেল জ্যাকসন তাকে সাত বছর বয়স থেকে যৌন নিপীড়ন করেন এবং ১৪ বছর বয়সে তাকে ধর্ষণের চেষ্টা করেছিলেন। সেফচাক বলেন, তার ১০ বছর থেকে শুরু করে প্রায় ১৪ বছর বয়স পর্যন্ত মাইকেল জ্যাকসন তাকে যৌন নিপীড়ন করেন। শত শত বার যৌন নিগ্রহের শিকার হয়েছেন দাবি করে রবসন আরো বলেন, “আমি সবসময় তার সঙ্গে থাকতাম। সবসময় রাতে আমি তার সঙ্গে থাকতাম। তিনি আমাকে নিপীড়ন করতেন।
ভালোবাসার নামে এবং ভয় দেখিয়ে মাইকেল জ্যাকসন তাকে যৌন নিপীড়ন করতেন দাবি করে রবসন বলেন, “তিনি আমার মনে এই বিশ্বাস জাগাতে চেয়েছিলেন যে, আমরা পরস্পরকে ভালোবাসি এবং আমরা এভাবেই নিজেদের ভালোবাসা প্রকাশ করতে পারি।
“তার পরপরই তিনি বলতেন, ‘তবে আমরা যেটা করছি সেটা যদি অন্য কেউ জেনে যায় তাহলে তোমাকে এবং আমাকে আজীবনের জন্য কারাগারে যেতে হবে এবং আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে’। ওই সবকিছুই আমাকে আতঙ্কিত করে তোলে।