অভিযানের কারণে আসন বাড়বে বিজেপির

ভারতের বিমানবাহিনীর অভিযানের কারণে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির পালে হাওয়া লাগবে বলে মন্তব্য করেছেন কর্নাটকের  প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। শুধু কর্নাটকেই বিজেপি ২২টির বেশি আসন পাবে বলে বিশ্বাস তাঁর। এদিকে তার এই মন্তব্যের সমালোচনা করেছেন কর্নাটক প্রদেশের কংগ্রেস সভাপতি দীনেশ গুন্ডু রাও। তিনি একে দায়িত্বহীন বলে মন্তব্য করেছেন। খবর আনন্দবাজার পত্রিকার

 লোকসভা নির্বাচন উপলক্ষে সম্প্রতি প্রচারে বেরিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি ইয়েদুরাপ্পা। চিত্রদুর্গে সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ‘‘গত চল্লিশ বছরে এই প্রথমবার পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া গেল। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহসিকতার জন্যই তা সম্ভব হয়েছে। পুলওয়ামার বদলা নিয়ে ছাড়বেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী।  প্রত্যাঘাত করে তা পূরণ করেছেন তিনি। ’’ পাকিস্তানে ঢুকে বোমাবর্ষণ করায় দেশবাসীর কাছে মোদীর ভাবমূর্তি আরও উজ্বল হয়ে গিয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি তাতে লাভবান হবে বলেও মন্তব্য করেন ইয়েদুরাপ্পা।

এদিকে নির্বাচনী প্রচারে ইয়েদুরাপ্পার মন্তব্যের সমালোচনা করেছেন কর্নাটক প্রদেশের কংগ্রেস সভাপতি দীনেশ গুন্ডুরাও। টুইটারে তিনি একে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে তার এই মন্তব্য যথেষ্ট লজ্জাজনক বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, জম্মু-কাশ্মিরের সাম্প্রতিক পরিস্থিতির প্রতি কোথায় সমব্যথী হবেন, তা নয় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে উঠেপড়ে লেগেছেন। নির্বাচনী জয়ই কি বিজেপির কাছে সবকিছু?  দেশের নিরাপত্তার কি কোনও গুরুত্ব নেই?